লাশ
লাশ

কামরাঙ্গীরচরে হোস্টেলের শৌচাগার থেকে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি হোস্টেলের শৌচাগার থেকে এক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম ইয়াকুব আলী (২৫)। তিনি একটি প্রতিষ্ঠানের কর্মচারী হোস্টেলে থাকতেন।

গতকাল বুধবার মধ্যরাতে সহকর্মীরা ইয়াকুব আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ইয়াকুব আলী ম্যাটাডোর গ্রুপে কাজ করতেন। তাঁর হোস্টেলের পাশেই প্রতিষ্ঠানটির কার্যালয়।

ইয়াকুব আলীকে হাসপাতালে নিয়ে যান প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক বজলুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, শৌচাগারের দরজা খোলা ছিল।  সেখানে দুটি ব্লেড পড়ে থাকতে দেখা গেছে। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

খবর পেয়ে হাসপাতালে আসেন ইয়াকুব আলীর বড় ভাই মো. আরফান। তিনি বলেন, মরদেহ দেখে তাঁর মনে হয়েছে, ইয়াকুবকে গলা কেটে হত্যা করা হয়েছে। তিন ভাইয়ের মধ্যে ইয়াকুব ছিলেন সবার ছোট।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, সহকর্মীদের কাছে ইয়াকুব বলেছিলেন তাঁর শরীর খারাপ। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত শেষ করে বলতে পারবেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।