
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির এক সদস্যসহ ২৯ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
আজ এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পুলিশের মিরপুর বিভাগ সূত্র জানায়, মিরপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির এক সদস্যসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার মিরপুর মডেল থানা-পুলিশ পশ্চিম কাজীপাড়া এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির ধর্মবিষয়ক সদস্য মো. শাহজালাল ওরফে শাহীন (৪৫), জাতীয় সমবায় লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি জেড হাছান মোহাম্মদ জিবুল (৪৬), কেন্দ্রীয় ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম সোলাইমান বিন গফুর (৪৫), কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন (৪৫), বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক খন্দকার মো. নজরুল ইসলাম (৬৩), আওয়ামী লীগের কর্মী মো. হাসান শেঠ (৪৬), মো. তৌহিদুর রহমান খান (৪৬) ও মো. আজিজুল হাসান (৫৮)।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে গোপনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভা ও মিছিল করে আসছিলেন। তাঁরা অনলাইনেও দলটির বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মিরপুরসহ আশপাশের এলাকায় অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপসহ নাশকতার পরিকল্পনা করতে তাঁরা একত্র হয়েছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজন বিভিন্ন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। এসব গ্রুপের মধ্যে রয়েছে প্রত্যাবর্তন ২.০, শেখ হাসিনার সৈনিক, বঙ্গ চেতনায় জয়, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, একাত্তরের হাতিয়ার, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি ও তৃণমূল আওয়ামী লীগ পরিবার।
এদিকে ডিএমপি নিউজের খবরে জানানো হয়, রাজধানীর রূপনগর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতা–কর্মী ও বঙ্গবন্ধু সৈনিক লীগের এক নেতা গ্রেপ্তার হয়েছে। তাঁরা হলেন রূপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল হাসান আলিফ (২০), বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম (৩১) এবং ছাত্রলীগ কর্মী গোলাম রাব্বি (২২) ও জাহিদ (২৬)।
রূপনগর থানা সূত্রে জানা যায়, সোমবার ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে রূপনগর থানাধীন রূপনগর ৮ নম্বর রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা রূপনগর থানাসহ ডিএমপির বিভিন্ন থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিলসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট।
এ ছাড়া রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ থানা পুলিশ। তাঁরা হলেন সামিউল্লাহ (৬৬) ও ওয়াজির আহমেদ (৬৭)।
লালবাগ থানা সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে লালবাগ থানাধীন সুবল দাস রোড এলাকা থেকে সামিউল্লাহকে এবং রাত আনুমানিক সোয়া ১০টার দিকে লালবাগ রোড এলাকা থেকে ওয়াজির আহমেদকে গ্রেপ্তার করা হয়। সামিউল্লাহ লালবাগ থানা আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এবং ওয়াজির আহমেদ একই থানার ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ১৩ নভেম্বর বেলা দেড়টার দিকে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিলের আয়োজন, অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগ রয়েছে।