অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে চাঁদপুরগামী তিন লঞ্চের বিরুদ্ধে মামলা

রাজধানী ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল
ফাইল ছবি

আইন উপেক্ষা করে লঞ্চের ছাদে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের অভিযোগে চাঁদপুরগামী যাত্রীবাহী তিনটি লঞ্চের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঢাকা নদী বন্দরের নৌযান পরিদর্শক বাদী হয়ে নৌ আদালতে এ মামলা করেন।

জরিমানা করা যাত্রীবাহী লঞ্চগুলো হলো এমভি আবে জমজম, এমভি ময়ূর-২ ও এমভি ইমাম হাসান।

বিআইডব্লিউটিএ ঢাকা নদীবন্দর সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় ও আজ মঙ্গলবার দুই দিনে ঢাকা–চাঁদপুর রুটে চলাচলকারী এমভি আবে জমজম, এমভি ময়ূর-২ ও এমভি ইমাম হাসান লঞ্চের ছাদে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের অভিযোগে পৃথক তিনটি মামলা করা হয়।

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মো. শহিদউল্যাহ বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় ও আজ মঙ্গলবার দুই দিনে ঢাকা–চাঁদপুর রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ এমভি আবে জমজম, এমভি ময়ূর-২ ও এমভি ইমাম হাসান নৌ আইন উপেক্ষা করে লঞ্চের ছাদে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করেছে। এ জন্য লঞ্চ তিনটির বিরুদ্ধে নৌ আদালতে পৃথক তিনটি মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই লঞ্চের ছাদে যাত্রী ও মালামাল বহন করে ঝুঁকিপূর্ণ অবস্থায় লঞ্চ চালানো যাবে না। যে লঞ্চ নৌ আইন অমান্য করবে, সেই লঞ্চের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।