
ব্রাহ্মণবাড়িয়ায় অনুমতি ছাড়া বহুতল ভবন নির্মাণ করায় ৪ ভবনমালিককে ৩৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দিনব্যাপী পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (নেজারত) কিশোর কুমার দাস এ জরিমানা করেন।
পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আওতাধীন এলাকায় ছয়তলার বেশি ভবন নির্মাণের অনুমতি নেই। ছয়তলার বেশি ভবন নির্মাণ করতে হলে জেলা প্রশাসনের বহুতল ভবন নির্মাণ কমিটির অনুমতি নিতে হয়। পদাধিকারবলে জেলা প্রশাসক ওই কমিটির সভাপতি ও গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সদস্যসচিব।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস বলেন, পৌর এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ছয়তলার বেশি ভবন নির্মাণ করা হচ্ছে, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মৌলভীপাড়া, মুন্সেফপাড়া, পূর্ব পাইকপাড়ায় ও হালদারপাড়ার চারটি ভবনের মালিককে জরিমানা করা হয়। এর মধ্যে ৩ ভবনমালিককে ১০ লাখ টাকা করে এবং ১টি ভবনের মালিককে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
পৌরসভার সচিব মো. শামসুদ্দিন বলেন, অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের বিষয়ে জেলা ভূমি-ইমারত নির্মাণ কমিটিতে আলোচনা হয়। জেলা প্রশাসনের নির্ধারিত কমিটি বিষয়টি দেখে। গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেছেন। অভিযানের সময় পৌরসভার একজন উপসহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।