
কক্সবাজারের উখিয়ার থাইংখালী ক্যাম্প থেকে অপহরণের ১১ দিন পর ২ রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের শালবাগান ক্যাম্প–সংলগ্ন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
১৬ এপিবিএন অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার দুজন হলেন উখিয়ার থাইংখালী ক্যাম্পের বি-১০ ব্লকের করিমুল্লাহর ছেলে মোহাম্মদ আনাস (১৪) এবং একই ক্যাম্পের সি-১ ব্লকের মোহাম্মদ হোসেনের ছেলে আবদুল্লাহ (১৩)।
১৯ ডিসেম্বর রাতে থাইংখালী ক্যাম্প থেকে মোহাম্মদ আনাস ও আবদুল্লাহকে রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে।
তারিকুল ইসলাম বলেন, ১৯ ডিসেম্বর রাতে থাইংখালী ক্যাম্প থেকে মোহাম্মদ আনাস ও আবদুল্লাহকে রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি স্বজনেরা এপিবিএনকে জানান। ঘটনার পর থেকে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে একাধিকবার অভিযান চালান। এর মধ্যে অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জাদিমোরা শালবাগান ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটি দল রোহিঙ্গা ক্যাম্পের ই-১ ব্লক–সংলগ্ন পাহাড়ে অভিযান চালায়। সেখান থেকে অপহৃত ওই দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করতে সক্ষম হয় তারা। তবে অপহরণকারী চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি।
তারিকুল ইসলাম আরও বলেন, উদ্ধার দুজন বর্তমানে ক্যাম্পের হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।