
কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিনকে (২৬) কুপিয়ে হত্যার ঘটনায় দুই নারীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে তাঁদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। তবে আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ও ডেইলপাড়ার বাসিন্দা মো. সেলিম (২৯), শাহাবুল্লাহ (২২), দক্ষিণ ডেইলপাড়ার দুই ভাই মো. এহসান উল্লাহ (২২) ও এরশাদুল্লাহ (২০), একই এলাকার মো. জহিরের স্ত্রী রোজিনা আক্তার (৩০) ও কক্সবাজার শহরের টেকপাড়ার সাইদুল করিমের স্ত্রী ছফুরা বেগম (২৮)।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ নেতা হত্যার ঘটনার জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ এই ছয়জনকে আটক করা হয়েছে। ৫৪ ধারায় তাঁদের আজ বিকেলে আদালতে পাঠানো হয়েছে। নিহত পরিবারের পক্ষে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।
পুলিশ জানায়, গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শেষ হলে নেতা–কর্মীরা বাড়িতে ফিরতে শুরু করেন। এ সময় ছাত্রলীগের নেতা ফয়সাল উদ্দিন একটি অটোরিকশা নিয়ে সম্মেলনস্থল থেকে বাড়ি ফিরছিলেন। কিছুদূর যাওয়ার পর ১৫-২০ জনের একটি দল ফয়সালের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রাখে। সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন ফয়সাল উদ্দিনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ফয়সাল উদ্দিন খুরুশকুল ইউনিয়নের কাউয়ারপাড়ার মৃত লাল মোহাম্মদের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসীরা ফয়সাল উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ময়নাতদন্ত শেষে আজ দুপুরে নিহত ছাত্রলীগ নেতার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে ফয়সাল হত্যার ঘটনায় স্থানীয় বিএনপি নেতা আজিজ সিকদার জড়িত বলে দাবি করছেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা। পুলিশের উপস্থিতিতেই সন্ত্রাসীরা কুপিয়ে ফয়সালকে হত্যা করেছে বলেও অভিযোগ করছেন তাঁরা।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জের ধরে বিএনপি নেতা আজিজ সিকদারের নেতৃত্বে সন্ত্রাসীরা ফয়সাল উদ্দিনকে পুলিশের সামনেই কুপিয়ে হত্যা করে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে তাৎক্ষণিক শহরের প্রধান সড়কে বিক্ষোভ-সমাবেশ করেছে ছাত্রলীগ। প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাহমুদুল হক অভিযোগ করে বলেন, সন্ত্রাসী হামলার আশঙ্কায় ফয়সাল উদ্দিন গতকাল আওয়ামী লীগের সম্মেলনস্থলে গিয়ে অবস্থান নেন। এ সময় আজিজ সিকদারসহ কয়েকজন সন্মেলনস্থলে ঢুকে ফয়সালকে তুলে নেয়ার চেষ্টা চালিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ নেতারা আজিজ সিকদারসহ সন্ত্রাসীদের সম্মেলনস্থল থেকে বের করে দেয়। এরপর সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে ফয়সালের ওপর হামলা চালানো হয়।
স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজন জানান, ২০২১ সালে খুরুশকুলের ডেইলপাড়ায় দুর্বৃত্তের গুলিতে খুন হন কক্সবাজার সিটি কলেজের ছাত্র নুরুল হুদা। হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রলীগ নেতা ফয়সালকে অভিযুক্ত করে আসছিল নুরুল হুদার পরিবার। ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে ফয়সাল আসার খবর ছড়িয়ে পড়লে আজিজ সিকদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলার প্রস্তুতি নেয় বলে অভিযোগ উঠেছে। আজিজ সিকদার নিহত নুরুল হুদার চাচা। ঘটনার পর থেকে তিনি গা–ঢাকা দিয়েছেন। তাই এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য জানা যায়নি।