
চট্টগ্রামে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন হাবিলদার রবিউল হোসেন ও সিপাহি ইমরান হোসেন। গত রোববার রাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী রেলওয়ে থানার সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব।
র্যাব–৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ প্রথম আলোকে বলেন, ঈদে ট্রেনের টিকিটের চাহিদা বেশি থাকে। এ সুযোগে কালোবাজারিরা বেশি দামে টিকিট বিক্রি করেন। গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় রোববার রাতে অভিযান চালানো হয়। অভিযানে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে ট্রেনের ৯টি টিকিটসহ গ্রেপ্তার করা হয়।
তাঁদের কাছ থেকে টিকিট বিক্রির ১০ হাজার ৩২০ টাকাও উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে দ্বিগুণ দামে কালোবাজারে টিকিট বিক্রির কথা স্বীকার করেন। এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছে।
র্যাব অধিনায়ক আরও বলেন, অভিযান অব্যাহত থাকবে। কালোবাজারে টিকিট বিক্রি চক্রের হোতাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।