
দুর্ঘটনার আশঙ্কা থাকায় পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। অথচ ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে এবং মাওয়া প্রান্তের টোল প্লাজায় দায়িত্বরত কর্মীদের চোখ এড়িয়ে মোটরসাইকেল নিয়ে সেতুতে উঠেছে এক তরুণ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজায় এলে সেখানে দায়িত্বরত সেনাবাহিনীর টহল দল তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটক হওয়া ওই তরুণের নাম খালেদ মাহফুজ (২২)। তাঁর বাড়ি নড়াইলের নড়াগাতী থানার পানিপারা গ্ৰামে। তিনি ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৬ জুন পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু করা হয়। ওই দিন সেতু দিয়ে ৪৬ হাজার মোটরসাইকেল পারাপার হয়। ওই দিন রাতে সেতুতে এক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ মারা যান। এরপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ২৭ জুন থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ জানায়, পদ্মা সেতুর টোল আদায় করার জন্য দুটি টোল প্লাজা। একটি জাজিরার নাওডোবায়, আরেকটি মুন্সিগঞ্জের মাওয়ায়। দক্ষিণের বিভিন্ন জেলার যানবাহন ঢাকা যাওয়ার সময় জাজিরার প্রান্তে টোল দিয়ে সেতুতে ওঠে। আর ঢাকার যানবাহন দক্ষিণে যাওয়ার জন্য মাওয়া প্রান্তে টোল দিয়ে সেতুতে ওঠে।
মাওয়া প্রান্তের টোল প্লাজায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দল, টোল আদায়কারী কর্মকর্তা–কর্মচারী, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা সার্বক্ষণিক থাকেন। তাঁদের চোখ এড়িয়ে ও টোল না দিয়ে গতকাল এক তরুণ মোটরসাইকেল চালিয়ে সেতুতে ওঠেন। পুরো সেতুতে কেউ থাকে থামাননি। সেতু থেকে জাজিরা প্রান্তে নামার সময় বিষয়টি সেখানে টহলরত সেনা সদস্যদের নজরে আসে। তখন তাঁরা তাঁকে আটক করেন। দুপুর ১২টার দিকে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মাহফুজ এখন পদ্মা সেতু দক্ষিণ থানা হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার ব্যবস্থাপক হাসিব হামিদুল হকের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয় নিয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরার্মশ দেন তিনি।
মাওয়া প্রান্তের টোল প্লাজায় কর্মরত কর্মকর্তা–কর্মচারীদের চোখ এড়িয়ে কীভাবে এ ঘটনা ঘটল জানতে চাইলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘টোল প্লাজায় টোল আদায়, নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন কাজে অনেক পক্ষ কাজ করছে। তা ছাড়া টোল প্লাজায় প্রতিবন্ধক রয়েছে। এত কিছু এড়িয়ে কীভাবে ওই তরুণ মোটরসাইকেল চালিয়ে সেতুতে উঠল, সেটি আমারও প্রশ্ন। বিষয়টি আমরা খতিয়ে দেখব।’
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ওই তরুণ তাঁদের হেফাজতে রয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।