
দিনাজপুরের পার্বতীপুরে রেললাইনের পাশের সিগন্যাল বারের সঙ্গে ধাক্কা লেগে এক ট্রেনযাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মন্মথপুর স্টেশনের অদূরে রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ওই যাত্রীর পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। দুর্ঘটনার পর ওই রেলক্রসিংয়ে গেটম্যানের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। এতে সেখানে রাজশাহীগামী আন্তনগর বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন আধা ঘণ্টা আটকে ছিল।
পার্বতীপুর স্টেশনের মাস্টার শওকত আলী জানান, সকাল সাড়ে ১০টার দিকে আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন মন্মথপুর স্টেশন অতিক্রম করছিল। স্টেশনে প্রবেশের আগে টিফাইভ/এম গেটের সামনে এক যাত্রী জানালা দিয়ে মাথা বের করেন। এ সময় সিগন্যাল বারে আঘাত লেগে ট্রেন থেকে মাটিতে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পর বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন পঞ্চগড় থেকে রাজশাহীগামী আন্তনগর বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন আটকে দেন।
দিনাজপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল হক ভূইয়া বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। বিক্ষুব্ধ লোকজন বাংলাবান্ধা এক্সপ্রেস আটকে দিয়েছিলেন। তাঁরা মন্মথপুর স্টেশনে মাস্টার ও রেলক্রসিংয়ে গেটম্যান দেওয়ার মৌখিক দাবি জানিয়েছেন। পরে তাঁদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হলে বাংলাবান্ধা এক্সপ্রেস গন্তব্যে যায়। নিহত যাত্রীর পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে।