
হবিগঞ্জে বানিয়াচং উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান ও সাবেক দুই সদস্যের সমর্থকদের সংঘর্ষে বাক্প্রতিবন্ধী এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও ৩০ জন।
গতকাল শুক্রবার রাতে উপজেলার সুবিদপুর ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন মিয়া (৪৫) ওই গ্রামের আমির আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আলমপুর গ্রামে পঞ্চায়েতের নেতৃত্ব নিয়ে গ্রামের সাবেক ইউপি সদস্য ফরিদ মিয়া ও বর্তমান ইউপি সদস্য আবদুস সাত্তারের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যায় এই দুজনের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হলে একপর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। সংঘর্ষে গুরুতর আহত মামুন মিয়াকে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় আহত ব্যক্তিরা হবিগঞ্জ হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার পর থেকে ওই এলাকার পরিস্থিতি থমথমে।
সংঘর্ষের বিষয়ে বক্তব্য জানতে গতকাল রাত থেকে সাবেক ইউপি সদস্য ফরিদ মিয়া ও বর্তমান ইউপি সদস্য আবদুস সাত্তারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন প্রথম আলোকে বলেন, গ্রামে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে কয়েক কাঁদানে গ্যাসের কয়েকটি শেল ছোড়া হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।