নোয়াখালীতে বৃদ্ধকে পাশবিক নির্যাতনের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

সুবর্ণচরে এক বৃদ্ধকে পাশবিক নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক বৃদ্ধের পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতনের অভিযোগে যুবলীগ নেতা আবুল হোসেন ওরফে সানাজকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় থানারাহাট বাজার থেকে সুবর্ণচরের চরজব্বর থানা–পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আবুল হোসেন উপজেলান চর ওয়াপদা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সোমবার সকালে তিনি প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর থানায় অভিযুক্ত আবুল হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ তাঁকে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চর ওয়াপদা ইউনিয়নের থানারহাট-সংলগ্ন আমানতগঞ্জ এলাকায় শেখ নাসির উদ্দিন ওরফে নাছির মাইজভান্ডারী (৬৮) নামের এক বৃদ্ধকে মারধরের একপর্যায়ে তাঁর পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতন করে একদল দুর্বৃত্ত। স্থানীয় চর ওয়াপদা ইউনিয়ন পরিষদের ( ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নানের ইন্ধনে যুবলীগ নেতা আবুল হোসেন ও তাঁর সহযোগীরা এ ঘটনা ঘটায় বলে নাছির উদ্দিনের ছেলে মো. শেখ রিপন অভিযোগ করেছেন। শেখ রিপন একই ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।

এ ঘটনায় গতকাল রোববার রাতে শেখ রিপন বাদী হয়ে আবুল হোসেনসহ আটজনের নাম উল্লেখ করে চরজব্বর থানায় একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাত আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে।

শেখ রিপনের ভাষ্য, তাঁর বাবা স্থানীয় থানারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে থানারহাট–সংলগ্ন আমানতগঞ্জ এলাকায় আবুল হোসেনের নেতৃত্বে দুর্বৃত্তরা তাঁর বাবার পথ রোধ করেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর বাবার মুখ বেঁধে পাশের জঙ্গলে নিয়ে মারধর করে। একপর্যায়ে তাঁর বাবার পায়ুপথে একটি টর্চলাইট ঢুকানো হয়। এতে তাঁর বাবা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে দুর্বৃত্তরা তাঁর বাবাকে মৃত ভেবে সেখানে ফেলে চলে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে।

গতকাল রোববার ভোরে শেখ নাসির উদ্দিনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অস্ত্রপচারের মাধ্যমে গতকাল পায়ুপথ থেকে টর্চলাইটটি বের করা হয়।