পরিচ্ছন্নতাকর্মীর শিশুকে ধর্ষণের অভিযোগে রিকশাচালক কারাগারে

নারায়ণগঞ্জ জেলার মানচিত্র
নারায়ণগঞ্জ জেলার মানচিত্র

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার এক পরিচ্ছন্নতাকর্মীর সাত বছরের মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক রিকশাচালকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মায়ের করা মামলায় বাচ্চু মিয়া (৪৬) নামের ওই রিকশাচালককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এ আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ভোরে বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়ি নরসিংদীর মাধবদী থানার শিবের কান্দী গ্রামে। তিনি আড়াইহাজার উপজেলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আড়াইহাজার থানায় শিশুটির মায়ের করা মামলা সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১২টায় তাঁর মেয়েকে সঙ্গে নিয়ে কাজে বের হন। মেয়েকে পৌরসভার পাশে রেখে বাজার পরিষ্কার করছিলেন। এ সময় তাঁর পূর্বপরিচিত রিকশাচালক বাচ্চু মিয়া শিশুটিকে খাবার খাওয়ানোর কথা বলে বাজারের দক্ষিণ পাশের একটি নির্জন মাঠে নিয়ে ধর্ষণ করেন। শিশুটিকে সেখানেই ফেলে রেখে পালিয়ে যান। পরে ওই মা রক্তাক্ত অবস্থায় তাঁর মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, ঘটনার রাতেই শিশুটির মা থানায় এসে মামলা করেন। ভোরে উপজেলার পায়রা চত্বর এলাকা থেকে বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। শিশুটিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।