যবিপ্রবি

প্রকৌশলীকে পেটানোর অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে মামলা

কর্মকর্তাকে মারধরের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইকবাল কবীরের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মিজানুর রহমান যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

মামলার এজাহারে বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র আজিজুল ইসলামকেও আসামি করা হয়েছে। আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাজশাহীর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে জেনারেটর সরবরাহ করে। ওই প্রতিষ্ঠানের ১৮ লাখ টাকার প্রকল্পের বিপরীতে নিরাপত্তা বাবদ ১ লাখ ৮০ হাজার টাকা জামানত রাখা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের ওই টাকা বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র আজিজুল ইসলামকে দিতে চাপ দিচ্ছিলেন অধ্যাপক ইকবাল কবীর। যথাযথ প্রক্রিয়া ছাড়া টাকা দিতে না চাওয়ায় তাঁরা প্রকৌশলী মিজানুর রহমানের ওপর ক্ষুব্ধ হন। এরই পরিপ্রেক্ষিতে ২৫ জুন দুপুরে আজিজুল ইসলাম প্রকৌশলী মিজানুরকে ডেকে ইকবাল কবীরের কাছে নিয়ে যান। সেখানে গেলে ইকবাল কবীর তাঁকে একাডেমিক ভবনের পশ্চিম পাশে সিঁড়ির নিচে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরপর মিজানুরের কানে থাপ্পড় মারেন তিনি। তখন আজিজুল ইসলামও প্রকৌশলী মিজানুরকে চড়–থাপ্পড় মেরে লাঞ্ছিত করেন। একই সঙ্গে তাঁরা দুজনই প্রাণনাশের হুমকি দেন।

বাদীর আইনজীবী রিফাত রেজওয়ান প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে মারধরের অভিযোগে শিক্ষক ইকবাল কবীরসহ দুজনকে আসামি করে মামলা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে অধ্যাপক ইকবাল কবীর বলেন, ‘ওই অভিযোগ সঠিক নয়। সেদিন মিজানুর ও আজিজের মধ্যে কথা–কাটাকাটি হলে আমি সেখানে যাই। মূলত বিশ্ববিদ্যালয় গ্যালারির সাউন্ড সিস্টেমের দুর্নীতির বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন দিয়েছিলাম। ওই প্রতিবেদনে প্রকৌশলী মিজানুর রহমানকে অভিযুক্ত করা হয়। যে কারণে তিনি ক্ষুব্ধ হয়ে মিথ্যা অভিযোগ দিচ্ছেন।’