
সিলেটের ফেঞ্চুগঞ্জে চাচাতো ভাইবোনদের সঙ্গে বিরোধের জেরে এক ব্যক্তির নিহতের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার ঘটনায় গতকাল রাতেই নিহতের ভাই বাদী হয়ে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম সেলিম মিয়া (৫৫)। তিনি উপজেলার নুরপুর গ্রামের মৃত আনর আলীর ছেলে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুমি বেগম ও তাঁর ছেলে দিপু মিয়া। মামলার অন্য আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, ফেঞ্চুগঞ্জের ফরিদপুর গ্রামে সেলিম মিয়ার মেয়ে সুমাইয়া বেগম একটি বাড়িতে ভাড়া থাকতেন। ওই বাড়ির অন্য একটি কক্ষে সেলিম মিয়ার চাচাতো বোন সুমি বেগম ভাড়া থাকতেন। গতকাল সকালে সুমি বেগমের সঙ্গে সুমাইয়া বেগমের বাগ্বিতণ্ডা হয়। পরে সন্ধ্যার দিকে সুমি নুরপুর গ্রামে এলে সেলিম মিয়ার সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে।
এর একপর্যায়ে সেলিম মিয়ার চাচাতো ভাই রুবেল মিয়া, সুমিসহ কয়েকজন মারধর করে। মারধরের একপর্যায়ে অচেতন হয়ে পড়ে যান সেলিম মিয়া। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন বলেন, এ ঘটনায় নিহতের ভাই ব্যবসায়ী ডালিম মিয়া বাদী হয়ে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মামলায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।