সুনামগঞ্জে সেনাপ্রধান

বন্যাদুর্গত মানুষের যত দিন প্রয়োজন, তত দিন পাশে থাকবে সেনাবাহিনী

সুনামগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মইনপুর গ্রামে
ছবি: খলিল রহমান

সুনামগঞ্জে বন্যাদুর্গত মানুষের যত দিন প্রয়োজন হবে, তত দিন সেনাবাহিনী তাঁদের পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘সাহস ও আন্তরিকতার সঙ্গে এই দুর্যোগ মোকাবিলায় সবাইকে কাজ করতে হবে। এখনো অনেক মানুষ পানিবন্দী আছেন। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তিনি আমাদের অনেক তথ্য দেন, আমরা সেই তথ্য নিয়ে কাজ করি।’

সেনাপ্রধান আজ বৃহস্পতিবার সুনামগঞ্জের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণসহায়তা বিতরণকালে এসব কথা বলেন। দুপুরে তিনি সুনামগঞ্জ শহরে এসে সদর উপজেলার সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামে যান। সেখানে বন্যার্তদের মধ্যে ত্রাণসহায়তা তুলে দেন এবং দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন।

সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বাংলাদেশ এখন এমন সক্ষমতার জায়গায় পৌঁছেছে, এর চেয়ে বড় দুর্যোগ মোকাবিলা করা সম্ভব। দুর্যোগ এসেছে; সেটা সাহস, ধৈর্য এবং আন্তরিকতার সঙ্গে ত্যাগের মনোভাব নিয়ে মোকাবিলা করতে হবে। সবাইকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য হলো মানুষের জীবন বাঁচানো। দ্বিতীয়ত, তাঁদের স্বাস্থ্য এবং অন্য বিষয়গুলো খেয়াল রাখা। এই লক্ষ্যে যা যা করণীয় আমরা করে যাচ্ছি।’

সেনাপ্রধান পরে শহরতলির কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে আশ্রয় নেওয়া বন্যার্তদের দেখতে যান এবং সেখানেও ত্রাণসহায়তা বিতরণ করেন। এ সময় তাঁর সঙ্গে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত উপস্থিত ছিলেন।