
বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচনে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগে সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুল বাশারকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ওই ইউপির ৮ নম্বর ওয়ার্ডের মধ্য বকুলতলী কেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার প্রথম আলোকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধর ও উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানাহাজতে আছেন।
বাশার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। এর আগে ১৫ জুন ওই ইউপিতে ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলার ঘটনায় নির্বাচনী পরিবেশ না থাকায় ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন অভিযোগ করে বলেন, সকাল থেকেই নৌকা প্রতীকের সমর্থকেরা তাঁর লোকদের হয়রানি করছেন। তাঁরা ভোটারদের কেন্দ্রে আসতে দিচ্ছেন না। ভোটাররা যদি কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, তাহলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন।