মুরাদনগরে সালিস বৈঠকে নারীকে লাঠিপেটার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

কুমিল্লা জেলার মানচিত্র
কুমিল্লা জেলার মানচিত্র

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তরত্রিশ গ্রামে সালিস বৈঠকে এক নারীকে লাঠিপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য দেলোয়ার হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে। ২৭ জুন রাতের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এরপর গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় আটজনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিন–চারজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার আসামি কামাল হোসেনকে (২৭) গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২৭ জুন রাত সাড়ে নয়টার দিকে উত্তরত্রিশ গ্রামের সুরুজ মিয়া মার্কেটে নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে জমি নিয়ে বিরোধসংক্রান্ত একটি সালিস বৈঠক বসে।

এতে উত্তরত্রিশ গ্রামের ইউপি সদস্য দেলোয়ার হোসেনের নেতৃত্বে সুমন মিয়া, আলাউদ্দিন, হাবিবুর রহমান, মো. রাসেল, জামাল মিয়া, মো. আলমগীর, হেলাল মিয়া, ছেলে রনিসহ কয়েকজন ওই নারীর চুলের মুঠি ধরে বেধড়ক পেটান ও গালাগাল করতে থাকেন।

তবে ওই নারীর সঙ্গে জমি নিয়ে তাঁর কোনো ঝামেলা নেই বলে মন্তব্য করেছেন ইউপি সদস্য দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘আমি ওই নারীকে মারধর করি নাই।’ ভিডিও ফুটেজে তাঁকে মারতে দেখা যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেননি দেলোয়ার হোসেন।

মার্কেটের সিসিটিভি ফুটেজ ও মুঠোফোনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, তাঁর ভাই সুমনসহ অন্তত ১০ থেকে ১২ জন ওই নারীকে লাঠিপেটা করছেন। একপর্যায়ে যে যেভাবে পারছেন কিল, ঘুষি ও লাথি মারছেন। সালিস বৈঠকে থাকা চেয়ারম্যান জাকির হোসেনসহ অন্যদের এ সময় চুপচাপ বসে থাকতে দেখা যায়।

দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন ওই নারী বলেন, ‘ওরা আমার এক একর জমি দখল করে নিয়েছে। আমি ১৯৯১ সাল থেকে কুমিল্লার আদালতে ওই জমির বাটোয়ারা মামলা চালিয়ে যাচ্ছি। ওরা আপস করবে বলে আমাকে বাড়ি থেকে উত্তর ত্রিশ গ্রামের সুরুজ মিয়া মার্কেটে ডেকে এনে যে যেভাবে পেরেছে পিটিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’

ওই নারীর স্বামী বলেন, ‘দেলোয়ার মেম্বার আমার জমি দখল করে অন্যত্র বিক্রি করে দিয়েছে। জমির মামলা মীমাংসার কথা বলে আমার স্ত্রীকে চেয়ারম্যানের সামনে ডেকে এনে মারধর করা হয়েছে।’

জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও নবীপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, মারার জন্য তেড়ে গেছে, মারেনি। ভিডিও ফুটেজে মারধর করতে দেখা গেছে জানিয়ে তখন তিনি কোনো ভূমিকা নিয়েছিলেন কি না, প্রশ্ন করা হলে উত্তর দেননি জাকির হোসেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। একজন আসামি গ্রেপ্তার হয়েছে। মারধরের ভিডিও আমরা পেয়েছি। পুলিশ অপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’