লক্ষ্মীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় একজন নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ছয় বাসযাত্রী আহত হয়েছেন।

নিহত ব্যক্তি ট্রাকচালকের সহকারী (হেলপার) বলে জানা গেছে। তাঁর নাম মমিন উল্লাহ (৩২)। আজ বুধবার সকালে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা বাজার এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে ইকোনো পরিবহনের একটি বাস লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। চরচামিতা এলাকায় পৌঁছালে বাসটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এ সময় গাড়ির সামনের দিকে থাকা ছয় যাত্রী আহত হন। ঘটনাস্থলেই ট্রাকচালকের সহকারী নিহত হন।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ হাসপাতালের মর্গে আছে। যাত্রীবাহী বাসটি জব্দ করা সম্ভব হয়নি।