
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্র গাজীপুরের শ্রীপুরে আত্মগোপন করতে চেয়েছিল। শ্রীপুরের নগরহাওলা উত্তরপাড়া গ্রামের এক বাড়িতে বশির আহমেদ (১৮) নামে তার এক বন্ধু ভাড়া থাকেন। বশিরের বাসায় আত্মগোপন করার উদ্দেশে অভিযুক্ত ছাত্র গতকাল বুধবার নগরহাওলায় এসেছিল। ওই দিন সন্ধ্যায় নগরহাওলা গ্রামের একটি বাজার থেকে তাকে আটক করে র্যাব।
বশিরের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার বাইউসোনা গ্রামে। তিনি শ্রীপুরের নগরহাওলা উত্তরপাড়া গ্রামের মো. মোশারফ হোসেনের বাড়িতে এক মাস ধরে ভাড়া থাকেন। বশির ভাড়া বাসায় উঠে পাশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার এনআরজি সুতার কারখানায় চাকরি নিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে বশিরের ভাড়া বাড়িতে গিয়ে তাঁর কক্ষটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় বেলা দুইটার দিকে বশিরের সঙ্গে দেখা হয়। তিনি প্রথম আলোকে জানান, শিক্ষকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্র তাঁর একসময়ের সহপাঠী ছিলেন। নবম শ্রেণিতে দুজন একসঙ্গে পড়াশোনা করেন। গতকাল সকালে হঠাৎ সে (অভিযুক্ত ছাত্র) বশিরকে ফোন দিয়ে তাঁর বাসায় বেড়াতে আসার কথা জানায়। বশির তাকে আসতে বলেন। বশির দাবি করেন, তিনি তখনো তাঁর বন্ধু যে এমন অপরাধের সঙ্গে জড়িত, তা জানতেন না। বাসায় আসার পরও সে বশিরকে এ ঘটনা ঘটিয়ে এসেছে এ কথা জানায়নি।
গতকাল বুধবার দুপুরে অভিযুক্ত ছাত্র শ্রীপুরের জৈনাবাজারে যায়। সেখান থেকে বশিরের সঙ্গে যোগাযোগ করে তাঁর বাসায় অবস্থান করে। বশির জানান, গতকাল সন্ধ্যায় তাঁর বন্ধুকে তার বাড়ি থেকে ফোন করে ৫০০ টাকা পাঠানোর কথা জানায়। এ জন্য সে বিকাশের দোকানে গিয়েছিল। নগরহাওলা গ্রামের ডাচ-বাংলা স্পিনিং কারখানার পাশের একটি বিকাশের দোকানে গেলে সেখানে র্যাবের কয়েকজন সদস্য তাকে আটক করে নিয়ে যায়।
নগরহাওলা গ্রামের মাহবুব আলমের দোকান থেকে অভিযুক্ত ছাত্রকে আটক করে র্যাব। দোকানি মাহবুব আলম প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় তাঁর কাছে এসে এক ছেলে বিকাশে টাকা আনার জন্য ব্যক্তিগত বিকাশ নম্বর চায়। পরে ওই নম্বরে ৫০০ টাকা ক্যাশ ইন করা হয়। টাকা নিতে আসার পর ওই ছেলেকে সেখান থেকে র্যাব সদস্যরা আটক করে নিয়ে যান।
বশির নিজেকে নির্দোষ দাবি করলেও আজ সাভারে এক মানববন্ধনে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, ওই ছাত্র পরিকল্পিতভাবে শিক্ষককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। সে কিশোর গ্যাং পরিচালনা করত। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়, সেখানে প্রতিষ্ঠানের সাবেক এক শিক্ষার্থী (বশির) ছিল। যাঁকে স্কুল থেকে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে পরিবারের মাধ্যমে বের করে দেওয়া হয়েছিল।
এদিকে মামলার প্রধান আসামি ওই ছাত্রের বয়স নিয়ে প্রশ্ন উঠেছে। গত রোববার আশুলিয়া থানায় উৎপল কুমারের ভাই অসীম কুমার সরকারের করা মামলায় আসামির বয়স ১৬ বলে উল্লেখ করা হয়। প্রথম আলোর কাছে ওই ছাত্রের ২০২০ সেশনের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের কপি রয়েছে। এতে তার জন্ম ২০০৩ সালের ১৭ জানুয়ারি লেখা। এ হিসাবে আজ বৃহস্পতিবার তার বয়স হয় ১৯ বছর ৫ মাস ১৩ দিন। স্কুলে ভর্তির আগে সে উত্তরার তানজিমুল উম্মা আলিম মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
স্কুলের শিক্ষার্থীরাও জানায়, ওই ছাত্রের ফেসবুক আইডির প্রোফাইলে নামের সঙ্গে ‘দাদা’ লেখা। স্থানীয় কিশোরেরা তাকে ‘দাদা’ বলে ডাকে। সে এলাকায় কিশোর গ্যাং চালায়। দশম শ্রেণির ছাত্র হলেও শিক্ষাজীবন অনিয়মিত হওয়ায় তার বয়স বেশি হবে।