শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে নারী শিক্ষকের জিডি

নারায়ণগঞ্জ জেলার মানচিত্র
নারায়ণগঞ্জ জেলার মানচিত্র

যৌন হেনস্তা ও মানসিক নির্যাতনের অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেবের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন একজন নারী সহকারী শিক্ষক। বৃহস্পতিবার বিকেলে জিডিটি করা হয়।

জিডিতে তিনি উল্লেখ করেন, গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় তিনি ও তাঁর বিদ্যালয়ের আরেক শিক্ষক অংশ নেন। একপর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব পাশের চেয়ারে বসে তাঁকে নানা কুপ্রস্তাব দেন। এ সময় ওই কর্মকর্তা তাঁর অফিসকক্ষে যাওয়ার জন্য বলেন।

একই সঙ্গে চল্লিশোর্ধ্ব এক ব্যক্তিকে দেখিয়ে তাঁকে বিয়ে করার জন্য বলেন। পরে আবু তালেব পিয়নের মাধ্যমে দুপুরের খাবার নিজ অফিসকক্ষে পাঠান এবং ওই নারী শিক্ষককে সেখানে যাওয়ার জন্য বলেন। এ সময় তিনি ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠান শেষ না করেই সেখান থেকে চলে আসেন।

আজ সকালে বিষয়টি ওই নারী শিক্ষক বিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে তাঁর সহকর্মীরা ক্ষুব্ধ হন। পরে স্কুল কর্তৃপক্ষ জেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এবং জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজকে জানান। তাঁরা শিক্ষা কর্মকর্তা আবু তালেবের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

জানতে চাইলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘একজন নারী শিক্ষককে একজন সরকারি কর্মকর্তা এভাবে হয়রানি ও অপমান করার জন্য প্রতিবাদ জানাই। বিষয়টি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভুক্তভোগী ওই নারী শিক্ষক বাদী হয়ে থানায় জিডি করেছেন।’

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক।

অভিযোগের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেবের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি তা ধরেননি।