শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

মৃত্যু
প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর এলাকা থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, অজ্ঞাতনামা ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তাঁর বয়স হবে আনুমানিক ৬৫ বছর। দ্রুতগতির কোনো যানবাহনের চাপায় তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শিবচর হাইওয়ে থানা ও স্থানীয় লোকজন সূত্র জানায়, আজ ভোরে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। বিষয়টি হাইওয়ে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মাদারীপুর সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়।

পাঁচ্চর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আ. বারী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর পাঠানো হয়েছে। ওই অজ্ঞাতনামা ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নিহত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। কোনো দ্রুতগতির গাড়ির চাকায় পিস্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে।