সহকারী চালাচ্ছিলেন বাস, নামতে গিয়ে চাকার নিচে প্রাণ গেল চালকের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

গাড়ি চালানোর দায়িত্ব সহকারীকে (হেলপার) দিয়ে বাইরে নামতে যান ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের চালক। এ সময় ওই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় ফেরিঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ওই চালকের নাম মো. মফিজুর রহমান ওরফে মঞ্জু (৩৬)। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার উথালী গ্রামের আদেল কাজীর ছেলে। বাসটির সহকারীর নাম–পরিচয় জানা যায়নি।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল এমআর পরিবহনের বাসটি। রাত আড়াইটার দিকে সেটি ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পার হয়ে ফেরিঘাটের কাছে আসে। এ সময় ফেরির জন্য যানবাহনের দীর্ঘ লাইন থাকায় বাসটি ধীরগতিতে এগোচ্ছিল। একপর্যায়ে চালক মফিজুর রহমান তাঁর সহকারীকে বাস চালানোর দায়িত্ব দিয়ে নিচে নামতে যান।

স্টিয়ারিংয়ে বসেই বাসটি সামনের দিকে টান দেন সহকারী। এ সময় চালক নিচে নামতে গেলে সহকারী ব্রেক করেন এবং বাসের দরজার সঙ্গে মাথায় আঘাত লাগে চালকের। মাথা ধরে দরজার কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় সহকারী আবারও ব্রেক করেন এবং দ্বিতীয়বার মাথায় আঘাত পেয়ে বাস থেকে পড়ে যান চালক। এ সময় বাসের চাকা তাঁর শরীরের ওপর দিয়ে উঠে যায়। এতে দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থান থেঁতলে যায় তাঁর। এরপর বাস থেকে পালিয়ে যান সহকারী। দ্রুত চালককে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এমআর পরিবহনের দৌলতদিয়াঘাট প্রতিনিধি মো. সেলিম রেজা বলেন, রাত পৌনে তিনটার দিকে বাসটির সুপারভাইজারকে মুঠোফোনে কল করে বিষয়টি জানালে দ্রুত তিনি হাসপাতালে ছুটে যান। গিয়ে দেখেন বাসের চালক মফিজুর রহমান মারা গেছেন।

রাতেই বাসটি বিকল্প চালক দিয়ে যাত্রীসহ ঢাকায় পাঠানো হয়েছে জানিয়ে সেলিম রেজা বলেন, ঘটনার পর থেকে বাসের সহকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানা–পুলিশ আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চালকের লাশ উদ্ধার করেন।

নিহত চালক মফিজুর রহমানের ভাই রেজাউল করিম বলেন, ‘আমার ভাইয়ের ঢাকা থেকে ফিরে বাড়িতে আসার কথা ছিল। এর মধ্যে আজ ভোরে তাঁর দুর্ঘটনার খবর পাই। সকালে এসে দেখি হাসপাতালের বারান্দায় আমার ভাইয়ের লাশ পড়ে আছে।’

বাসটি এখনো শনাক্ত করতে পারেননি জানিয়ে গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান বলেন, বাসের সহকারী পলাতক। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ দুপুরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।