সাড়ে তিন বছরের ছেলের খুনিদের বিচার চেয়ে কাঁদছেন মা

মুহাম্মদ ওয়ালিদ
ছবি: সংগৃহীত

বড় বড় চোখে রাজ্যের বিস্ময়, মুখে দুষ্টুমির হাসি। সাড়ে তিন বছরের ছোট্ট মুহাম্মদ ওয়ালিদের চেহারা এমনই মায়াময়। অথচ ছোট্ট ওয়ালিদের সারা শরীরে ছুরি চালিয়ে তাকে খুন করা হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব শিকারপুর গ্রামের নিজ বাড়িতে খুন হয় শিশু ওয়ালিদ।

আজ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ। পরে আজ বিকেলে ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। ওয়ালিদ পূর্ব শিকারপুর গ্রামের আরব আমিরাতপ্রবাসী মুহাম্মদ জাবেদের একমাত্র ছেলে।

গতকাল রাত ১২টার দিকে ওয়ালিদের বাড়িতে গিয়ে দেখা যায়, মা ইসরাত জাহান বারবার বুক চাপড়ে ছেলে হারানোর শোকে বিলাপ করছেন। একটু পরপর মূর্ছা গিয়ে জ্ঞান হারাচ্ছেন। কাঁদতে কাঁদতে তিনি ছেলের খুনিদের বিচার চাইছেন।

কেন এমন নৃসংসতার শিকার হলো শিশু ওয়ালিদ, সেটা কেউ বলতে পারছেন না। ওয়ালিদের নানা মুহাম্মদ ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘কেউ আমার মেয়ের জামাইয়ের সঙ্গে শত্রুতার ক্ষোভ থেকে আমাদের কলিজার টুকরাটাকে কেটে টুকরা করে ফেলল। আমরা খুনির ফাঁসি চাই।’

গতকাল বেলা আড়াইটার দিকে ওয়ালিদকে শোবার ঘরে রেখে তার মা ইসরাত জাহানসহ বাড়ির নারীরা পুকুরে গোসল করতে যান। গোসল শেষে বাড়িতে ফিরে এসে তাঁরা দেখেন, ক্ষতবিক্ষত অবস্থায় ওয়ালিদের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। এ সময় মায়ের চিৎকারে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। গতকাল সন্ধ্যায় ওয়ালিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

হাটহাজারীর মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মুহাম্মদ মাহাবুব আলম প্রথম আলোকে বলেন, শিশুটির গলা, পেট ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। খুনের কারণ বের করতে পরিবারের কয়েকজনকে গতকাল রাতে তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল। শিশুটিকে বারবার ছুরিকাঘাত করা থেকে ধারণা করা হচ্ছে, খুনি কোনো কারণে ক্ষুব্ধ ছিল। এ ব্যাপারে পুলিশ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

ওয়ালিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওয়ালিদকে নিয়ে তার মা ইসরাত জাহান (২৬) ও দাদি রওশন আরা বেগম (৫০) ওই বাড়িতে থাকতেন। সম্প্রতি তার ফুফু সোনিয়া সুলতানা (২৮) সেখানে তাঁর মেয়েকে নিয়ে বেড়াতে এসেছেন। ঘটনার আগে ওয়ালিদের মা, দাদি, ফুফু ও ফুফাতো বোন পুকুরে গোসল করতে যান।

ইসরাত জাহানের মামা মুহাম্মদ আবুল কাসেম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ওয়ালিদের বাবা দুই সপ্তাহ আগে আরব আমিরাতের শারজায় গেছেন। তাঁর দুই চাচাও প্রবাসী। এর মধ্যে ওয়ালিদকে কারা, কেন এভাবে খুন করল, সেটার কোনো সূত্র পাওয়া যাচ্ছে না।

শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। আমরা খুনের কারণ জানতে চাই। এই জঘন্য খুনে কারা অংশ নিয়েছে, পুলিশ দ্রুত সেটা বের করবে বলে আশা করি।’