
পদ্মা সেতুর উদ্বোধন সামনে রেখে আশার আলো দেখছেন শরীয়তপুরের মাছের খামারিরা। ২৫ জুন এ সেতুর উদ্বোধনের পর থেকে দ্রুততম সময়ের মধ্যে তাঁদের মাছ ঢাকার বাজারে পাঠাতে পারবেন তাঁরা। এতে তাঁদের পরিবহন খরচ সাশ্রয় হবে। দামও পাবেন বেশি। এভাবে বছরে অন্তত সাড়ে পাঁচ শ কোটি টাকার মাছ ঢাকার বাজারে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন মাছের খামারিরা ও মৎস্য বিভাগ।
জেলা মৎস্য বিভাগ সূত্র ও মাছের খামারিরা জানিয়েছেন, শরীয়তপুরে ২ হাজার ৬২৬ হেক্টর জমিতে ১৫ হাজার ১৮২টি ছোট-বড় মাছ চাষের পুকুর রয়েছে। একই সঙ্গে ২৪ হাজার ৯২০ হেক্টর জমির ২২৫টি প্লাবনভূমিতে মাছ চাষ করা হয়। এ ছাড়া ১ হাজার ২৭ হেক্টর জমিতে ৩৩৪টি ধানখেতে ও ৪ হেক্টর জমিতে ৩০টি গলদা চিংড়ির হ্যাচারি রয়েছে। পদ্মা, মেঘনা ও কীর্তিনাশা নদীর ১৫ হাজার ৮৪০ হেক্টর এলাকা থেকেও মাছ শিকার করা হয়।
বর্তমানে জেলার ১১ লাখ মানুষের জন্য বছরে ২৫ হাজার ৩১৬ মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে। জেলায় বছরে চাষের মাছ উৎপাদন হয় ২৮ হাজার ৫৪৩ মেট্রিক টন। ইলিশের উৎপাদন হয় সাড়ে ৫ হাজার মেট্রিক টন। নদীতে অন্যান্য মাছের উৎপাদন হয় ২ হাজর ৯৫৩ মেট্রিক টন। জেলায় অন্তত ৪৭ হাজার মানুষ মাছ উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত।
রাজধানী ঢাকা থেকে স্থানভেদে শরীয়তপুরের দূরত্ব ৬৫ থেকে ১০০ কিলোমিটার। মধ্যে পদ্মা নদী থাকায় ফেরি পার হয়ে ঢাকায় যেতে অনেক সময় লাগে ও দুর্ভোগ পড়তে হয়। এ কারণে শরীয়তপুরের মাছের খামারিরা তাঁদের খামারের মাছ ঢাকায় বিক্রি করতে পারছিলেন না। এ কারণে তাঁরা নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও কুমিল্লার বিভিন্ন বাজারে মাছ বিক্রি করে আসছিলেন। শরীয়তপুর থেকে ওই বাজারগুলোতে প্রতিদিন গড়ে ৬০ মেট্রিক টন মাছ পাঠানো হয়। প্রতি কেজি ২৫০ টাকা দরে ওই মাছের বাজারমূল্য দেড় কোটি টাকা। বছরে বিক্রি দাঁড়ায় ২১ হাজার ৬০০ মেট্রিক টন, যার বাজারমূল্য অন্তত ৫৫০ কোটি টাকা।
মাছ ব্যবসায়ী ও খামারিরা জানিয়েছেন, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও কুমিল্লার বাজারের চেয়ে ঢাকার বাজারে মাছের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেশি থাকে। আর ওই সব অঞ্চলে মাছ পাঠাতে কেজিতে খরচ হচ্ছে ১৫ থেকে ২০ টাকা। পদ্মা সেতু চালু হলে শরীয়তপুর থেকে ঢাকায় মাছ পাঠাতে কেজিতে খরচ হবে ৮ হতে ১০ টাকা। ঢাকার বাজারে মাছ বিক্রি করলে পরিবহন খরচ কমবে এবং দাম ভালো পাওয়া যাবে। এর ফলে খামারিদের বছরে অন্তত ৫০ কোটি টাকা সাশ্রয় হবে।
শরীয়তপুরের বিঝারি ইউনিয়নের ভড্ডা গ্রামের মাছের খামারি নাজির হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘ফেরিঘাটের বিড়ম্বনার কারণে আমরা ঢাকায় মাছ পাঠাতে পারছি না। বিকল্প বাজার হিসেবে নোয়াখালী অঞ্চল বেছে নিয়েছি। পদ্মা সেতু চালু হলে আমাদের এ অঞ্চলের মাছচাষিরা ঢাকার বাজার ধরতে পারবেন। এতে করে পরিবহন ব্যয় কমবে ও দাম বেশি পাওয়া যাবে।’
নড়িয়ার ভোজেশ্বর এলাকার মাছের খামারি জয়ন্ত দাস মাছের খাদ্য ও মাছ পরিবহনের ট্রাকের ব্যবসা করেন। তিনি প্রথম আলোকে বলেন, ঢাকার মার্কেটে মাছ বিক্রি করতে পারলে খামারিরা লাভবান হবেন। পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকার মার্কেটে মাছ পাঠানো সহজ হবে। খামারিরাও অনেক লাভবান হবেন। এ খাতে আরও বেশি বিনিয়োগ বাড়বে।
জানতে চাইলে শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার প্রথম আলোকে বলেন, প্রতিবছর জেলায় মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ভালো বাজারের অভাবে খামারিরা খুব বেশি লাভের মুখ দেখতে পারেন না। পদ্মা সেতুর কারণে খামারিরা স্বল্প দূরত্বে ভালো বাজার পাবেন।