বাউফলে এবার সংসদ সদস্যের বিরুদ্ধে মেয়র পক্ষের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম ইউসুফ। রোববার দুপুরে বাউফল পৌরসভার কুণ্ডপট্টি এলাকার
ছবি: প্রথম আলো

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজের বিপক্ষে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হকের অনুসারীরা।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে বাউফল পৌরসভার কুণ্ডপট্টি এলাকার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তাঁরা।

গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত পৃথক কর্মসূচি ঘিরে বাউফল উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। ওই সময় উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন সংসদ সদস্য আ স ম ফিরোজের অনুসারীরা।

ওই ঘটনার ১ মাস ১০ দিন পর চিকিৎসা শেষে গত বুধবার এলাকায় ফেরেন আবদুল মোতালেব হাওলাদার। এরপর তাঁর ওপর হামলার প্রতিবাদে ওই দিনই উপজেলা আওয়ামী লীগের ব্যানারে বাউফল শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নেন তিনি। ওই সমাবেশে আবদুল মোতালেবের ওপর হামলা ও উপজেলা আওয়ামী লীগকে বিভক্ত করার জন্য স্থানীয় সংসদ সদস্য আ স ম ফিরোজকে দায়ী করে বক্তব্য দেন বক্তারা। একই সঙ্গে তাঁরা আ স ম ফিরোজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণসহ জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করেন।

এর প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে দলীয় কার্যালয় জনতা ভবনে সংবাদ সম্মেলন করেন সংসদ সদস্য আ স ম ফিরোজের পক্ষের লোকজন। এতে উপজেলা আওয়ামী লীগ নেতা ফরিদ আহমেদ লিখিত বক্তব্য পাঠ করেন। এ বক্তব্যে পৌর মেয়র মো. জিয়াউল হককে বিএনপি পরিবারে বেড়ে ওঠা আওয়ামী লীগ নামধারী নেতা এবং তিনি বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের আশীর্বাদপুষ্ট হয়ে ও কালোটাকা ব্যবহার করে বাউফল পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারকে উচ্চাভিলাষী, বিপথগামী ও ভূমিদস্যু বলা হয়েছে সংবাদ সম্মেলনে।

এর প্রতিবাদে করা আজকের সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন ফরাজির স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম ইউসুফ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. জসীম উদ্দিন, মদনপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মস্তফা, বগা ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান, নাজিরপুর ইউপি চেয়ারম্যান এস এম মহসীন, সদরের ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদ রাহাত প্রমুখ।

লিখিত বক্তব্যে এস এম ইউসুফ বলেন, ‘জিয়াউল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। আওয়ামী লীগের মনোনয়নে মেয়র নির্বাচিত হয়েছেন। আবদুল মোতালেব হাওলাদার উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি। ২০০৩ সাল থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন তিনি। আওয়ামী লীগের মনোনয়নে তিনবার ইউপি চেয়ারম্যান এবং বর্তমানে আওয়ামী লীগের মনোনয়নে উপজেলা চেয়ারম্যান হয়েছেন। অথচ তাঁদের নিয়ে বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে আ স ম ফিরোজের অনুসারীরা গতকাল শনিবার সংবাদ সম্মেলন করেছেন। এর প্রতিবাদ ও নিন্দা জানাই। পাশাপাশি ওই বক্তব্য প্রত্যাহারেরও দাবি করছি।’

লিখিত ওই বক্তব্যে এস এম ইউসুফ আরও বলেন, আ স ম ফিরোজ ১৯৮৬ সালে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে রিকশা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। তিনি ছাত্রজীবনে কখনো মূলধারার রাজনীতি করেননি। তিনি বঙ্গবন্ধু হত্যার আসামি নুরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে রাজনীতি করতেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার পর আ স ম ফিরোজের বিতর্কিত ভূমিকার কথা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. জাহাঙ্গীর কবির নানক টক শোতে বলেছেন।

আ স ম ফিরোজের আস্থাভাজন হিসেবে পরিচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান প্রথম আলোকে বলেন, আজ সংবাদ সম্মেলন করে সংসদ সদস্য আ স ম ফিরোজের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, তা সব মিথ্যা ও ভিত্তিহীন।

বাউফল উপজেলায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল দীর্ঘদিনের। এ কারণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ ছাড়া কোনো পদের অনুমোদন নেই।