
কুড়িগ্রামের উলিপুরে সারের দাবিতে এবার আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে এ ঘটনা ঘটে।
এর আগেও কুড়িগ্রামের বিভিন্ন স্থানে সারের দাবিতে বিক্ষোভ, গুদাম ভেঙে সার লুট ও কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করার মতো ঘটনা ঘটেছে।
আজ প্রায় দেড় ঘণ্টা অবরোধের কারণে হাতিয়া ও রানীগঞ্জ ইউনিয়নের সঙ্গে জেলা শহরের সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর সার বিতরণ শুরু হলে অবরোধ তুলে নেন কৃষকেরা।
স্থানীয় কৃষকেরা জানান, নতুন অনন্তপুর বাজারের ‘মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজ’ থেকে মঙ্গলবার সার দেওয়ার কথা ছিল। এ জন্য সকাল থেকেই কৃষকেরা সেখানে অপেক্ষা করছিলেন। কিন্তু সকাল সাড়ে ৯টার পরও ডিলারের লোকজন সার বিতরণ শুরু না করায় তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও সার না পেয়ে তাঁরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ, কৃষি বিভাগের কর্মকর্তা ও উলিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কৃষকদের মধ্যে সার বিতরণ শুরু হয়। সার বিতরণ শুরু হলে কৃষকেরা কর্মসূচি প্রত্যাহার করেন।
মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের ব্যবস্থাপক শামসুল আলম প্রথম আলোকে বলেন, সারের জন্য মানুষের প্রচুর চাপ রয়েছে। এ বিষয়ে কৃষি বিভাগ ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। সকাল ১০টা বাজতে না বাজতেই কৃষকেরা তাড়াহুড়া শুরু করেন। পরে তাঁরা সড়ক অবরোধ করেন। প্রশাসন ও পুলিশের সহযোগিতায় বিতরণ কার্যক্রম শুরু হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাতিয়া অনন্তপুর বাজারের সার বিতরণকেন্দ্রে প্রচুর কৃষকের উপস্থিতির কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কিছুটা হিমশিম খেতে হয়। খবর পেয়ে ইউএনও ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কৃষকদের মধ্যে সুষ্ঠুভাবে সার বিতরণ করা হয়েছে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক জানিয়ে ইউএনও এ টি এম আরিফ বলেন, সকাল আটটায় সার বিতরণের কথা ছিল। কিন্তু কৃষকদের অনেক চাপ থাকায় ডিলারের লোকজন বিতরণ করতে সাহস পাননি। দেরি হওয়ায় বিক্ষুব্ধ কৃষকেরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সার বিতরণ শুরু করেন।