বিদ্যুৎস্পৃষ্ট
বিদ্যুৎস্পৃষ্ট

নেত্রকোনায় ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় ব্যাটারিচালিত ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু খান (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত আটটার দিকে উপজেলার বাহাত্তরকাহন গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে নিজ বাড়িতে ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দিতে যান বাচ্চু খান। এ সময় হঠাৎ শর্টসার্কিটের ঘটনায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক শৌভিক শ্রাবণ দত্ত বলেন, বাচ্চু খানকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। মৃত্যু নিয়ে অভিযোগ না থাকায় রাতেই আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।