কুষ্টিয়া থেকে দুই রুটে বাস ‘ধর্মঘট’ প্রত্যাহারের ঘোষণা

কুষ্টিয়ায় পরিবহন নেতাদের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক। আজ সোমবার দুপুরে
ছবি: প্রথম আলো

চার দিনের মাথায় কুষ্টিয়া থেকে ফরিদপুর ও খুলনা রুটে বাস ‘ধর্মঘট’ প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সঙ্গে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বেলা একটা থেকে বাস চলাচল শুরু হয়েছে।

শ্রমিকদের মারধর ও বাসের ট্রিপ বাড়ানোকে কেন্দ্র করে গত শুক্রবার সকাল থেকে কুষ্টিয়া-ফরিদপুর ও কুষ্টিয়া-খুলনা রুটে সরাসরি বাস চলাচল বন্ধের ঘোষণা দেন পরিবহননেতারা। এতে ঝিনাইদহ, যশোর ও খুলনাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

পরিবহননেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝিনাইদহ মোটরশ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাইছেন। এটা নিয়েই মনোমালিন্য সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে মালিকেরা ঝিনাইদহের কালীগঞ্জে বৈঠক করেন। এ সময় সেখানে বাসের স্টাফদের মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অবস্থায় কুষ্টিয়ার পরিবহনসংশ্লিষ্ট পাঁচটি সংগঠনের শীর্ষ নেতারা গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের কার্যালয়ে বৈঠক করে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন।

উদ্ভূত পরিস্থিতিতে গত শনিবার বাসমালিক-শ্রমিকদের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক হয়। তবে সেখান থেকে কোনো সমাধান আসেনি। তাই আজ আবারও বাসমালিক ও শ্রমিক নেতাদের নিয়ে বৈঠকে বসেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। এ সভায় কুষ্টিয়ার পাশাপাশি ঝিনাইদহ জেলার পরিবহননেতারাও উপস্থিত ছিলেন।