জামালপুরে সাংবাদিককে মারধর ও গাড়িতে তুলে নেওয়ার চেষ্টার ভিডিও ভাইরাল

সাংবাদিক রাশেদুল ইসলাম
ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে এক সাংবাদিককে মারধর ও জোর করে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ সোমবার সকাল থেকে ভিডিওটি ফেসবুকে ঘুরছে।

এর আগে গতকাল রোববার দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে রাশেদুল ইসলাম নামের এক সাংবাদিককে মারধর ও জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য শিলা সরোয়ার এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রাশেদুল ইসলাম ওরফে রনি ভোরের কাগজ পত্রিকার বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

ওই ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেত্রী শিলা সরোয়ার নিজে ওই সাংবাদিকের হাত ধরে জোর করে গাড়িতে টেনে তোলার চেষ্টা করছেন। তাঁর সঙ্গে থাকা সহযোগীরাও ওই সাংবাদিকের সঙ্গে ধস্তাধস্তি করছেন। রাশেদুল ইসলাম ‘বাঁচাও, বাঁচাও’ বলে আশপাশের লোকজনের কাছে আকুতি জানাচ্ছিলেন। একপর্যায়ে রাশেদুলকে গাড়িতে তুলে ফেলা হয়। তখনো তিনি চিৎকার করছিলেন। তিনি গাড়ি থেকে নামার জন্য ধস্তাধস্তি করছিলেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং তাঁরা গাড়ি থেকে ওই সাংবাদিককে উদ্ধার করেন।

সাংবাদিক রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘তাঁরা আমার সঙ্গে কী করেছেন, সেটা ওই ভিডিওতে প্রকাশ পেয়েছে। তাঁরা অনেক প্রভাবশালী, তাঁদের ভয়ে আমি এই বিষয়ে থানায় অভিযোগ দিতেও সাহস পাচ্ছি না। তবে আমি এই ঘটনার বিচার চাই। যাতে কোনো সাংবাদিকের সঙ্গে এমন ঘটনা না ঘটে।’

অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেত্রী শিলা সরোয়ার বলেন, ‘সম্প্রতি একটি পিকনিকে আমি গান গেয়েছিলাম। সেখানে বগারচর ইউপির চেয়ারম্যান একটু তাল মিলিয়েছিলেন। ওই গানটিকে বিকৃত করে ফেসবুকে ছেড়ে দিয়েছিলেন ওই সাংবাদিক। ওই বিষয়ে কথা বলার জন্য তাঁকে ডাকা হয়েছিল। ওই সাংবাদিককে কোনো মারধর বা নির্যাতন করা হয়নি। তাঁকে গাড়িতে ওঠানো হয়নি।’

রাশেদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেত্রী শিলা সরোয়ারের ডাকে তিনি দুপুরে উপজেলা পরিষদ এলাকায় যান। এ সময় শিলা সরোয়ার, তাঁর গাড়িচালক ও দেহরক্ষী তাঁকে মারধর করেন। একপর্যায়ে তাঁকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করেন। কিল-ঘুষি মারতে মারতে শিলা বলেন, ‘তোরে আজ শায়েস্তা করব, যত টাকা লাগে লাগুক।’ এ সময় তিনি অকথ্য গালিগালাজ করতে থাকেন। তাঁর ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করেন।