ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি। আজ সকাল সাড়ে ১১টার দিকে সাঁথিয়া উপজেলার সমাসনারি মাদ্রাসা কেন্দ্রে
ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি। আজ সকাল সাড়ে ১১টার দিকে সাঁথিয়া উপজেলার সমাসনারি মাদ্রাসা কেন্দ্রে

পাবনায় নতুন ভোটারদের মধ্যে বাড়তি উৎসাহ, দীর্ঘ সারিতে উৎসবের আমেজ

পাবনা-২ আসনে জীবনের প্রথম ভোট দিয়েছেন অর্থী ইসলাম (২০)। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বেড়া উপজেলার কাজিরহাট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি। তাঁর ভাষায়, জীবনের প্রথম ভোট দেওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন।

গৃহবধূ অর্থী কাজী শরীফপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি কলেজের ডিগ্রি (বিএ) শ্রেণির ছাত্রী। প্রথম ভোটের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, আগের কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া যায়নি বলে শুনেছেন। কিন্তু এবার আনন্দ-উৎসবের পরিবেশে ভোট দিতে পেরে বেশ খুশি তিনি।

শুধু অর্থী ইসলাম নন, নতুন ভোটারদের অনেকেই প্রথম ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বিভিন্ন কেন্দ্র ঘুরে চোখে পড়েছে নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ সারি। আজ দুপুর ১২টা পর্যন্ত দুই আসনের অধিকাংশ কেন্দ্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, গড়ে ৪৫ শতাংশের বেশি ভোট পড়েছে।

কাজিরহাট উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোকাব্বেল বিল্লাহ বলেন, দুপুর ১২টা পর্যন্ত ওই কেন্দ্রে প্রায় ৪১ শতাংশ ভোট পড়েছে। পরিবেশ শান্তিপূর্ণ আছে এবং ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি বেশি।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে বেড়া উপজেলার কাশিনাথপুর মহিলা কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মনোয়ার হোসেন বলেন, ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ আছে। ভোটারদের উপস্থিতি উৎসবমুখর।

পাবনা-১ আসনের সাঁথিয়া উপজেলার সাটিয়াকোলা ইবতেদায়ি হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রেও সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। সকাল ১১টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোটের অপেক্ষা করছেন। সাটিয়াকোলা গ্রামের বাসিন্দা শরিফা খাতুন (৬৫) প্রায় এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোট দেন। তিনি আরও বলেন, আগের কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেননি। এবার কোমরে ব্যথা নিয়েও লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পেরে তিনি সন্তুষ্ট।

পাবনা-১ ও পাবনা-৩ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রে সতর্ক অবস্থানে রয়েছেন।

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটারদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। পাবনা-২ আসনে প্রধান প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত এ কে এম সেলিম রেজা, জামায়াতে ইসলামির কে এম হেসাব উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আফজাল হোসেন খান কাসেমী, জাতীয় পার্টির মেহেদী হাসান রুবেল ও গণফোরামের নাসির উদ্দিন।

অন্যদিকে পাবনা-১ আসনে চার প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিএনপির শামসুর রহমান ও জামায়াতে ইসলামীর নাজিবুর রহমান মোমেন।

দুপুর পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, দুই আসনেই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, বিকেলের দিকে ভোটার উপস্থিতি আরও বাড়বে।

পাবনা-২ আসনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান বলেন, শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।