ফুলের জন্য বছরে ছয়-সাত মাসই দেশে থাকেন তিনি

মৌলভীবাজার শহরকে ফুলে ফুলে সাজাতে কাজ করছেন প্রবাসী নুরুর রহমান
ছবি: প্রথম আলো

জন্মসূত্রে নুরুর রহমানের বাড়ি মৌলভীবাজার শহরে। তবে বাবার সরকারি চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় থেকেছেন। তরুণ বয়সে প্রবাসী হয়েছেন। দীর্ঘদিন ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকায় থেকে বর্তমানে থিতু হয়েছেন কানাডায়। কিন্তু জন্মভূমির প্রতি টান তাঁকে প্রায়ই দেশে টেনে নিয়ে আসে। এই আসা-যাওয়ার মধ্যে তাঁর মনে হয়েছে, বিশ্বের অনিন্দ্যসুন্দর শহর হওয়ার সম্ভাবনা আছে তাঁর প্রিয় মৌলভীবাজারের।

নুরুর রহমানের মনে হয়েছে, মৌলভীবাজার শহরটিকে ফুলে ফুলে সাজিয়ে তোলা সম্ভব। সেই ভাবনা থেকে ফুলগাছ লাগানোর জন্য বেশ কয়েক বছর ধরে বিদেশে পরিবার-পরিজন ছেড়ে বছরের একটা বড় সময় দেশে থাকেন তিনি। বছরে প্রায় ছয়-সাত মাসই তিনি এখন দেশে থাকেন। নিজেই ফুলগাছ কেনেন, লাগান, যত্ন করেন। বহু বছর ধরেই নিজের মতো করে বিচ্ছিন্নভাবে ফুলগাছ লাগাতেন তিনি। তবে পরিকল্পিতভাবে শহরে ফুলগাছ লাগানোর কাজটি তিনি প্রায় আট বছর ধরে করছেন বলে জানালেন।

শহরে ফুলগাছ লাগানোর ভাবনা কীভাবে এল?—জানতে চাইলে নুরুর রহমান বলেন, ‘আমার বাবা সরকারি চাকরি করতেন। যে কারণে তাঁকে বিভিন্ন জায়গায় যেতে হতো। তাঁর একটি শখ ছিল, যেখানেই বদলি হয়ে যেতেন, সেখানেই নতুন বাড়ি কিনতেন। সেই বাড়িতে ফুলের বাগান করতেন। সিলেটের কানাইঘাটে, ব্রাহ্মণবাড়িয়াতেও এ রকম বাড়ি কিনে ফুলের বাগান করেছেন। শেষে মৌলভীবাজার শহরের কাজীরগাঁও এলাকায় বাড়ি কিনেছেন। সেখানেও ফুলের বাগান করেছেন। একপর্যায়ে আমরা দেশের বাইরে চলে যাই। ফুলের বাগান নষ্ট হয়ে যায়। আমি দেশে আসা-যাওয়ার মধ্যে চেষ্টা করলাম, বাড়িতে আবার ফুলের বাগান করতে। নানা কারণে তা আর করতে পারিনি। তখনই চিন্তায় এল, বাড়িতে ফুলের বাগান করতে পারিনি; সারা শহরে তো ফুলগাছ লাগাতে পারি!’

নুরুর রহমান এখন পর্যন্ত সাদা ও গোলাপি ম্যাগনোলিয়া, সাদা, লাল ও হলুদ কাঞ্চন, টেকোমা, হলুদ কামিনী, টেবেবুইয়া, জ্যাকারেন্ডা, নাগলিঙ্গম, অশোক, অ্যাঞ্জেল ট্রাম্পেড ইত্যাদি প্রজাতির গাছ লাগিয়েছেন। কিছু গাছে ফুল এসেছে। এখন পর্যন্ত তিনি মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়, জেলা নির্বাচন অফিস, সদর উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়, সাইফুর রহমান অডিটোরিয়াম ও পৌরসভা প্রাঙ্গণ এবং বন্ধুবান্ধব ও পরিচিতজনের বাসায় ফুলের চারা রোপণ করেছেন বলে জানালেন।

নুরুর রহমান বলেন, শহরজুড়ে ফুলের গাছ লাগানোর ব্যাপারে মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও সাহিত্য-সংস্কৃতির পৃষ্ঠপোষক এম এ আহাদ, অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক ও সাহিত্যের ছোট কাগজ ফসল সম্পাদক মো. আবদুল খালিক, সাংস্কৃতিক সংগঠক সৈয়দ আবদুল মোতালিব রঞ্জু, সংগঠক ও গণমাধ্যমকর্মী হাসানাত কামাল প্রমুখ তাঁকে উৎসাহ ও সহযোগিতা করে থাকেন। তবে সাধারণ মানুষ যদি আরও বেশি এগিয়ে আসেন, সহযোগিতা করেন; তাহলে এই শহরকে অনিন্দ্যসুন্দর করে তোলা যাবে বলে তিনি মনে করেন।

শহরের বাইরে মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও মৌলভীবাজার-কুলাউড়া সড়কের দুই পাশে পরিকল্পিতভাবে জারুল, কৃষ্ণচূড়া, সোনালু, ক্যাশিয়াসহ বিভিন্ন ধরনের ফুলগাছ লাগানো যেতে পারে বলে মনে করেন নুরুর রহমান। তিনি বলেন, ‘ফুলগাছ লাগানোতে কতটুকু সফল হই, না হই; জানি না। আমি প্রতিবছরই দেশে আসব। প্রতিবছরই ফুলগাছ লাগিয়ে যাব।’

সংগঠক হাসানাত কামাল প্রথম আলোকে বলেন, ‘নুরুর রহমান ফুলের টানে প্রতি বছর সুদূর কানাডা থেকে দেশে চলে আসেন। বছরের বেশির ভাগ সময় ফুলের জন্য দেশে থাকেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই শহরে ফুল গাছ লাগিয়ে যেতে চান। তাঁর সমস্ত ভাবনাজুড়ে শুধু ফুল আর ফুল।’