পেকুয়ার সেই কালভার্ট মেরামতের কাজ চলছে

কক্সবাজারের পেকুয়া উপজেলার জালিয়াকাটা সাইক্লোন শেল্টারের সামনের কালভার্টটির মেরামত কাজ চলছে। গতকাল শুক্রবার সকালে
ছবি: প্রথম আলো

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী সড়ক ও ফাঁসিয়াখালী সেতুর সংযোগ স্থাপনকারী কালভার্টটি মেরামতের কাজ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে এ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

পেকুয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী শাহ জালাল বলেন, ‘কালভার্টে গর্তের কারণে রাজাখালীর সঙ্গে উপজেলা সদরের বড় গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। জনগণের দুর্ভোগ লাঘবে কালভার্টটি মেরামত করা হচ্ছে।’

এর আগে বৃহস্পতিবার সকালে প্রথম আলো অনলাইনে ‘১২ ফুট কালভার্টের ৮ ফুটজুড়ে গর্ত, যান চলাচলে ভোগান্তি’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়।
গতকাল শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, চারজন শ্রমিক কালভার্টের তলদেশ থেকে ইটের গাঁথুনি তৈরি করছেন। দুজন লোহা কাটছেন। এ সময় ফাঁসিয়াখালী সেতু-রাজাখালী সড়কে সরাসরি যান চলাচল বন্ধ রাখা হয়। মানুষজন হেঁটে কালভার্টের স্থানটি পার হয়ে তারপর গাড়িতে উঠছে।

চলাচলের প্রধান সড়কের এই কালভার্টে গর্তের কারণে রাজাখালী উপজেলার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। বিকল্প আরেকটি পথও সংস্কারকাজের জন্য আট মাস ধরে বন্ধ। এলাকাবাসীর অভিযোগ, বড় ট্রাকে লবণ পরিবহন করার কারণে এই কালভার্ট ও সড়কের পিচঢালাই টেকে না। সড়কটিতে আরসিসি ঢালাই ও মজবুত কালভার্ট নির্মাণ করতে হবে। অন্যথায় লবণবাহী বড় ট্রাক চলাচল বন্ধ করতে হবে বলে দাবি জানান তাঁরা।

এ বিষয়ে চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘গত মঙ্গলবার রাজাখালীর একটি অনুষ্ঠানে যাওয়ার সময় কালভার্ট ভেঙে যাওয়ার দৃশ্যটি চোখে পড়ে। তখনই এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে ফোন করে ব্যবস্থা নিতে বলি। এর পর থেকে কাজ শুরু হয়।’