কুড়িগ্রামে নির্বাচনী মাঠে ‘ভুয়া’ সংসদ সদস্য প্রার্থীর পোস্টার ছাপিয়ে প্রচারণা চলছে। আজ শনিবার চিলমারী মাটিকাটা মোড়ে
কুড়িগ্রামে নির্বাচনী মাঠে ‘ভুয়া’ সংসদ সদস্য প্রার্থীর পোস্টার ছাপিয়ে প্রচারণা চলছে। আজ শনিবার চিলমারী মাটিকাটা মোড়ে

কুড়িগ্রামে নির্বাচনী মাঠে ‘ভুয়া’ সংসদ সদস্য প্রার্থীর প্রচারণা, বিভ্রান্তিতে ভোটাররা

কুড়িগ্রাম–৪ (চিলমারী, রৌমারী ও রাজীবপুর) আসনে নিজেকে স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) প্রার্থী দাবি করে এক ব্যক্তির প্রচারণা চালানোর ঘটনায় ভোটারদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কোনো বৈধ মনোনয়ন না থাকলেও নির্বাচনী প্রতীক ব্যবহার করে পোস্টারিং ও প্রচার চালাচ্ছেন ওই ব্যক্তি।

ওই ব্যক্তির নাম দুদু জোদ্দার। তিনি চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল নতুন আশ্রয়ণ কেন্দ্র এলাকার ধনীয়া জোদ্দারের ছেলে বলে দাবি করেছেন। তিনি এবারের নির্বাচনে নিজেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী দাবি করে ‘কুলা’ প্রতীকে প্রচারণা চালাচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে ২০২১ সালে দুদু জোদ্দার নিজেকে উলিপুর পৌর এলাকার বাসিন্দা দাবি করে পৌরসভা নির্বাচনে পোস্টারিং ও মাইকিংয়ে আলোচনার জন্ম দেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম–৪ (চিলমারী, রৌমারী ও রাজীবপুর) আসনে সংসদ সদস্য পদে মোট আট প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই–বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এসব মনোনয়ন বৈধ ঘোষণা করেন। পরে আদালতের আদেশে এক প্রার্থীর মনোনয়ন বাতিল হলে সাত প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।

এ পরিস্থিতিতে দুদু জোদ্দারও প্রচারণা শুরু করেন। তবে বৈধ প্রার্থীর তালিকায় তাঁর নাম নেই। বিষয়টি নিয়ে ভোটারদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তাঁরা বলছেন, এতে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাঁরা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। নির্বাচন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, দুদু জোদ্দার নামে কোনো ব্যক্তি সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দেননি।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই ব্যক্তি ভোট এলেই এমন পোস্টার ছাপান। তবে এবার তিনি নিজে পোস্টার ছেপেছেন, নাকি অন্য কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এমন পোস্টার করেছে, সেটি দেখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে।’

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।