নাশকতার মামলায় সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন কারাগারে

সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি
ছবি: সংগৃহীত

নাশকতার মামলায় সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল রাতে সদর উপজেলার খানপুর পশ্চিমপাড়া জামে মসজিদ চত্বরে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে আট বিএনপি ও জামায়াত নেতা-কর্মীকে আটক করা হয়। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক দেবকুমার দাস বাদী হয়ে ৩ এপ্রিল সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন আহমেদসহ ২৩ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৭০-৮০ জনের বিরুদ্ধে মামরা করেন। এ মামলায় তাজকিনকে পলাতক আসামি দেখানো হয়।

একইভাবে একই উপজেলার উত্তর ফিংড়ি সিদ্দিকা আলেম মাদ্রাসা চত্বর এলাকায় ২৭ মে রাতে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার সময় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক মো. মোস্তাক আহমেদ বাদী হয়ে সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিসহ ২৩ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৭০-৮০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায়ও তাজকিন আহমেদকে পলাতক আসামি করা হয়। তাজকিন আহমেদ পৌর বিএনপির সদস্যসচিব।

আদালত সূত্রে জানা গেছে, এ দুই মামলায় তাজকিন আহমেদ চিশতি ৮ জুন উচ্চ আদালতে জামিনের আবেদন করেন। আদালত ছয় সপ্তাহের আগাম জামিন দেন। পাশাপাশি ওই ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। সেই অনুযায়ী আজ সাতক্ষীরার জেলা ও দায়রা জজ জেলা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাজকিন আহমেদের আইনজীবী সৈয়দ ইফতেখার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।