
বাগেরহাট সদর উপজেলায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুজন হলো সদর উপজেলার বেশরগাতি গ্রামের আমিনুল ইসলামের মেয়ে আফছা (৪) ও চিতলমারী উপজেলার নালুয়া গ্রামের মিরাজ শেখের সাড়ে তিন বছর বয়সী মেয়ে মাইমুনা। তারা কান্দাপাড়া গ্রামে নানা আবদার শেখের বাড়িতে বেড়াতে এসেছিল।
নানা আবদার শেখ প্রথম আলোকে বলেন, নাতনি মাইমুনা বেশ কয়েক দিন ধরে তাঁর বাড়িতে আছে। তিন দিন আগে চিতলমারী থেকে আফছা বেড়াতে আসে। আজ সকাল ১০টার দিকে দুই খালাতো বোন বাড়ির সামনে দোকানের দিকে যায়। আধা ঘণ্টা পর তারা ফিরে না আসায় তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর পাড়ে জুতা দেখে পুকুরে তল্লাশি চালিয়ে দুজনের লাশ উদ্ধার করা হয়।
পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম।