
একই গ্রামে জন্ম তিনজনের। বেড়েও ওঠাও একসঙ্গে। দিন নেই, রাত নেই—একজনের প্রয়োজনে অন্য দুজন ছুটে আসতেন। এলাকার সবার কাছেও ‘হরিহর আত্মা’ পরিচিতি পেয়েছিলেন তিন তরুণ। কে জানত, পৃথিবী থেকে বিদায়ও নেবেন একসঙ্গে। কবরও দেওয়া হয়েছে পাশাপাশি।
এই তিন বন্ধু হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বিশ্বাসপাড়া গ্রামের ইদ্রিস বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (১৮), ক্ষুদ্র ব্যবসায়ী বাদশা বিশ্বাসের ছেলে জোবায়ের বিশ্বাস (১৯) ও সরদারপাড়া গ্রামের মজিবর সরদারের ছেলে হুসাইন সরদার (১৯)। হুসাইন গত বছর এইচএসসি পাস করেছে। নাহিদ উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী। জোবায়ের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর বাগাট বাজারে ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য বেঁচে ছিলেন জোবায়ের। তিনিই মুঠোফোনে কল করে তাঁর ভাই মো. কুদ্দুস হোসেনকে (৪৫) দুর্ঘটনার খবরটি জানান। তবে তাঁরা ঘটনাস্থলে গিয়ে কাউকে জীবিত পাননি।
মো. কুদ্দুস হোসেন প্রথম আলোকে বলেন, কামারখালীতে ঋষি বটতলা এলাকায় তিন দিনের মেলা চলছিল। মঙ্গলবারই ছিল মেলার শেষ দিন। ওই মেলা দেখতেই তিন বন্ধু নাহিদের বাবার মোটরসাইকেল নিয়ে বের হন। তিনজনের মধ্যে শুধু নাহিদের মাথায় হেলমেট ছিল। মেলা দেখে ফেরার পথে তাঁরা ঝড়ের মধ্যে পড়েন। ঝড়ে একটি বাবলাগাছ উপড়ে পড়ে ছিল সড়কে। সেটি পাশ কাটাতে গিয়ে গাছের ডালের সঙ্গে লেগে নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনই পড়ে যান সড়কে। ওই সময় মাগুরাগামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়।
বুধবার সকালে ওই তিন বন্ধুর বাড়িতে গিয়ে দেখা যায়, শোকে মুহ্যমান পরিবেশ। তিন তরুণের স্বজনদের কান্নায় চোখ মুছছেন অনেক প্রতিবেশীও। ওই তিনজনের বন্ধু হাবিব বিশ্বাস প্রথম আলোকে বলেন, ওদের সঙ্গে তাঁরও মেলায় যাওয়ার কথা ছিল। একটি মোটরসাইকেলে চারজন যাওয়া যাবে না। তাই তিনি থেকে গিয়েছিলেন।
স্বজনেরা জানিয়েছেন, তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে নাহিদ সবার ছোট। তিন বোনের বিয়ে হয়ে গেছে। নাহিদের বড় ভাই ইব্রাহিম (২২) ওমান থাকেন। ভাইয়ের মৃত্যুর খবর শোনার পর তিনি বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। তাঁর আসার পর আসরের নামাজের পর জানাজা শেষে তিন বন্ধুকে দাফন করা হয়েছে বাগাট কেন্দ্রীয় গোরস্থানে।
হুসাইন সরদার ছিলেন বাবা-মায়ের একমাত্র সন্তান। ছেলেকে হারিয়ে পাগলপ্রায় হুসাইনের বাবা মজিবর সরদার। বুক চাপড়ে কাঁদছিলেন হুসাইনের মা রিনা বেগম। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট জোবায়ের বিশ্বাস। বড় ভাই মুদিদোকানি ও মেজো ভাই ফ্লেক্সিলোডের ব্যবসা করেন।
কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছিলেন নাহিদের মা রওশন আরা বেগম। স্বজন ও প্রতিবেশীরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। জোবায়েরের মা নাসিমা বেগম কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘আমি এখন কী নিয়া বাঁচব। আমার সোনারে, আমার জুদুরে তোমরা আইনা দাও।’
ফেরার পথে কথা হয় গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুর জলিলের (৬৫) সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, বড় ভালো ছিলেন ছেলে তিনটি। আচার-ব্যবহারেও ছিল নরম ও বিনয়ী। কোনো রকম নেশা বা বাজে স্বভাবও ছিল না তাঁদের।