সিদ্দিকবাজারে বিস্ফোরণে নিহত মুন্সিগঞ্জের দুজনের বাড়িতে মাতম

আবু জাফর সিদ্দিক ও মাঈন উদ্দিন আখন্দ
ছবি: সংগৃহীত

ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে আবু জাফর সিদ্দিক (৩৩) ও মাঈন উদ্দিন আখন্দের (৫০) বাড়ি মুন্সিগঞ্জে। একই দুর্ঘটনায় জাফরের চাচাতো ভাই আলাদ হোসেনের (২৫) শরীরের ৬০ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে। তিনি বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

নিহত আবু জাফর সিদ্দিক মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি (পশ্চিম পাড়া) গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক খোকার ছেলে। নিহত আরেক ব্যক্তি মাঈন উদ্দিন আখন্দ সদর উপজেলার সৈয়দপুর এলাকার বাসিন্দা। তিনি স্যানিটারি সামগ্রীর একটি দোকানের ব্যবস্থাপক ছিলেন। আজ বুধবার সকালে নিজ নিজ গ্রামের বাড়িতে জাফর ও মাঈন উদ্দিনের লাশ দাফন করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

গতকাল সকালে জাফর তাঁর নির্মাণাধীন বাড়ির জন্য স্যানিটারি মালামাল কিনতে রাজধানীর সিদ্দিকবাজারের কুইন স্যানিটারি মার্কেটে যান। সঙ্গে ছিলেন চাচাতো ভাই আলাদ হোসেন। কেনাকাটা শেষে বিকেলে ক্যাফে কুইন রেস্টুরেন্টে খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এ সময়ই ওই মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই জাফরের মৃত্যু হয়। এদিকে আলাদ হোসেনের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে আলাদ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনেরা।

আবু জাফরের স্বজন আমিরুল ইসলাম বলেন, পরিবারের সবাইকে নিয়ে আবু জাফর ঢাকায় বাস করতেন। তাঁর বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছিল। মূলত বিয়ের জন্য বাড়িতে এসেছিলেন। সেখানে নির্মাণাধীন বাড়ির কাজ করছিলেন। গতকাল ঢাকায় গিয়েছিলেন বাড়ির স্যানিটারি মালামাল কিনতে। আবু জাফর খুব ভালো ছেলে হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সকাল আটটার দিকে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয়।

এদিকে মাঈন উদ্দিন একই মার্কেটের একটি দোকানে চাকরি করতেন। মাহমুদুল হাসান (২২) ও  আবিদ হাসান (১২) নামের তাঁর দুই ছেলে আছে। মাঈন উদ্দিনের স্ত্রী পারভিন বেগমের বড় বোন আসমা বেগম বলেন, একসময় ওই মার্কেটে মাঈন উদ্দিনের দোকান ছিল। তবে ব্যবসায় লোকসানের কারণে দোকান ছেড়ে দেন তিনি। দুই বছর ধরে ওই মার্কেটের আজাদ স্যানিটারি নামের দোকানে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। বিস্ফোরণের সময় মাঈন উদ্দিন দোকানেই বসেছিলেন।

মাঈন উদ্দিনের মৃত্যুর খবরে তাঁর পরিবারের সবাই শোকে মুহ্যমান। আসমা বেগম বলেন, ‘স্বামীর মৃত্যুর খবর শোনার পর থেকে বারবার আমার বোন মূর্ছা যাচ্ছে। যখন জ্ঞান ফিরছে, তখনই মাঈন উদ্দিনের কথা বলে চিৎকার করছে।’

আজ সকালে আধারার সৈয়দপুর আল আমিন দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে মাঈন উদ্দিনের লাশ এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে।

মাঈন উদ্দিনের স্ত্রী পারভিন বেগম বলেন, ‘গতকাল বেলা আড়াইটার দিকে সর্বশেষ মাঈন উদ্দিনের সঙ্গে আমার কথা হয়। সে বলেছিল, সন্ধ্যার মধ্যে বাড়িতে চলে আসবে। এখানে শবে বরাতের নামাজ পড়বে। আমার স্বামী এসেছে, তবে লাশ হয়ে এসেছে। আমি দুই ছেলেকে নিয়ে এখন কোথায় যাব, কী করব!’
গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দুই পাশে আরও দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় গতকালই ১৮ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া যায়। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনজনের নিখোঁজ থাকার কথা জানানো হয়। আজ সকালে আবার নতুন করে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। সেই উদ্ধার অভিযানে বিকেল পৌনে পাঁচটার দিকে আরও দুজনের লাশ উদ্ধার হয়।