
কুষ্টিয়ায় ভর্তির পাঁচ ঘণ্টার মধ্যেই হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ইব্রাহিম হোসেন নামের শিশুটি মারা যায়। এর আগে একই দিন বেলা সাড়ে তিনটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ শনিবার হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মন্নান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
এ নিয়ে কুষ্টিয়া জেলায় হামের উপসর্গ নিয়ে মোট তিনজন শিশুর মৃত্যুর ঘটনা ঘটল। তারা সবাই ১৮ ঘণ্টার মধ্যেই মারা গেছে। এর মধ্যে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আফরান নামের আট মাস বয়সী এক শিশু মারা যায়। তার বাবার নাম আল আমিন। তাঁদের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামে। রাত সাড়ে ১১টার দিকে আইজা (৫ মাস ২০ দিন) নামে আরেক শিশু মারা যায়। তার বাবার নাম মমিনুর রহমান। তাঁদের বাড়ি কুষ্টিয়া শহরের রেনউইক মোড় এলাকায়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মন্নান প্রথম আলোকে বলেন, ইব্রাহিমকে তার পরিবারের সদস্যরা শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে হাসপাতালে ভর্তি করেছিল। সেই সময় তার অবস্থা খুবই খারাপ ছিল। তার উন্নত চিকিৎসার জন্য স্বজনদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তারপর তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল, কিন্তু তাকে বাঁচানো যায়নি। রাত সাড়ে আটটার দিকে সে মারা যায়।