
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে চোখে ‘ভিট্রিয়ল রেটিনাল ইনজুরি’ হওয়া তিন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। ইতিমধ্যে ভারতের চেন্নাইয়ে গিয়ে চিকিৎসা নিয়েছেন দুই শিক্ষার্থী। তবে চিকিৎসার পরও চোখে দেখতে পারছেন না মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আলিমুল ইসলাম। ঝাপসা দেখছেন ফারসি বিভাগের শিক্ষার্থী মিসবাহুল ইসলাম। অন্যদিকে আইন বিভাগের শিক্ষার্থী আল-আমিন অর্থাভাবে এখনো ভারতে গিয়ে চিকিৎসা নিতে পারেননি।
ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের চিকিৎসার ব্যয়ভার বহন করার আশ্বাস দিয়েছিল। কিন্তু এ পর্যন্ত তাঁরা কেউ প্রশাসনের কোনো সহযোগিতা পাননি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, চিকিৎসার পর কাগজপত্র জমা দিলে অবশ্যই তাঁদের সহযোগিতা করা হবে।
গত ১১ মার্চ সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে বাসচালকের বাগ্বিতণ্ডার জেরে স্থানীয় বিনোদপুর বাজারে সংঘর্ষের সূত্রপাত। পরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। হামলা-সংঘর্ষে আহত হন দুই শতাধিক শিক্ষার্থী। আহত শিক্ষার্থীদের মধ্যে তিনজনকে ভিট্রিয়ল রেটিনাল ইনজুরির কারণে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় ঢাকায় পাঠানো হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ভারতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা।
ভুক্তভোগী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে তাঁদের ভারতের চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তাঁদের মধ্যে মিসবাহুল ইসলাম ও আলিমুল ইসলাম ইতিমধ্যে শঙ্কর নেত্রালয় থেকে চিকিৎসা নিয়েছেন। কিন্তু আল-আমিন এখনো অর্থাভাবে চিকিৎসা নিতে সেখানে যেতে পারেননি।
ভারতে গিয়ে চিকিৎসা নেওয়ার পরও বাঁ চোখে দেখতে পারছেন না মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আলিমুল ইসলাম। তিনি এখন নিজ বাড়িতে অবস্থান করছেন। তিনি বলেন, ‘আমি ১৭ এপ্রিল ভারতের চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে যাই। সেখান থেকে চিকিৎসা শেষে দেশে আসি ২৩ এপ্রিল। চিকিৎসায় প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু আমার চোখ ঠিক হয়নি। বাঁ চোখটা একেবারে নষ্ট হয়ে গেছে। কিছুই দেখতে পাই না। তবু চিকিৎসকেরা আশাহত না হতে বলেছেন।’ ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি।’
ফারসি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মিসবাহুল ইসলাম চেন্নাইয়ে গিয়ে চোখে অস্ত্রোপচারের পর ঝাপসা দেখছেন। তিনি এখন রাজশাহীতে অবস্থান করছেন। তিনি বলেন, তিনি ৩১ মার্চ চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে গিয়ে তাঁর ডান চোখের অস্ত্রোপচার করেন। এতে ৩ লাখ ১৪ হাজার টাকা খরচ হয়েছে তাঁর। অস্ত্রোপচারের পর ২১ এপ্রিল দেশে আসেন। তাঁর চোখে একধরনের ‘জেল ইনজেকশন’ দেওয়া হয়েছে বলে তিনি সবকিছু ঝাপসা দেখছেন বলে জানান। এটি তাঁকে চার মাস চোখে রাখতে হবে। তারপর অস্ত্রোপচার করে বের করতে হবে।
মিসবাহুল ইসলাম আরও বলেন, ২৯ মে আবার ভারতে যেতে হবে। এরপর আরও একবার যেতে হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এ পর্যন্ত তিনিও কোনো ধরনের সহায়তা পাননি বলে অভিযোগ করেন।
ওই দুই শিক্ষার্থী ভারতে গিয়ে চিকিৎসা নিলেও এখনো যেতে পারেননি আইন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী আল-আমিন। তিনি বলেন, পাসপোর্ট হয়ে গেছে। ভিসার জন্য রাজশাহীতে এসেছেন। বর্তমানে ডান চোখে কিছুই দেখতে পাচ্ছেন না। আজ বিভাগের সভাপতি তাঁকে নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করবেন।
আল–আমিন আরও বলেন, ‘আমার বাবা একজন ইলেকট্রিশিয়ান। টাকা থাকলে অনেক আগেই ভারতে গিয়ে চিকিৎসা নিয়ে আসতাম। প্রশাসন বলছে, চিকিৎসা নেওয়ার পর কাগজপত্র জমা দিলে টাকা দেবে, কিন্তু ভারতে গিয়ে চিকিৎসা করার মতো টাকা আমার পরিবারের নেই। ইতিমধ্যে আমার সহপাঠীরা বিভিন্ন হলে গিয়ে টাকা তোলা শুরু করেছে। কিন্তু তাতে কতই–বা টাকা উঠবে।’ তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানান।
বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য সুলতান উল ইসলাম প্রথম আলোকে বলেন, আল-আমিন নামের ওই শিক্ষার্থী বিভাগের সভাপতিকে নিয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাঁদের যেহেতু কথা দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই সহযোগিতা করা হবে। বিষয়টি প্রক্টর ও ছাত্র উপদেষ্টা দপ্তর দেখভাল করছে বলে তিনি জানান।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাউদ বলেন, ‘আল-আমিনের সঙ্গে আমার সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমি ভিসার জন্য তাঁকে দ্রুত আবেদন করতে বলেছি। সেটি হয়ে গেলে সব কাগজপত্র নিয়ে উপাচার্য স্যারের সঙ্গে দেখা করে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।’