পাঁচ বছর পর স্লোগানে মুখর আমির হোসেন আমুর বরিশালের বাড়ি, নানা আলোচনা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ–মনোনীত মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমির হোসেন আমু। শুক্রবার বিকেলে বরিশাল নগরের সার্কিট হাউস এলাকায়
ছবি: সাইয়ান

দীর্ঘদিন পর বরিশালে দলীয় কোনো অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। দলটির এই বর্ষীয়ান নেতাকে গত পাঁচ বছর বরিশালের কোনো রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকেরা এ ঘটনাকে বরিশাল তথা দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের রাজনীতিতে নয়া মেরুকরণের আভাস হিসেবে দেখছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আমির হোসেন আমুর নির্বাচনী এলাকা ঝালকাঠি। গত পাঁচ বছরে তিনি বরিশালের ওপর দিয়ে বিভিন্ন সময় ঝালকাঠি গেছেন একরকম নীরবে। মাঝেমধ্যে বরিশাল নগরে জীবনানন্দ দাশ সড়কে (বগুড়া রোড) তাঁর নিজ বাড়িতেও অবস্থান করতেন। সেখানে নেতা-কর্মীদের তেমন ভিড় থাকত না। তবে গতকাল শুক্রবার দিনভর নির্জন ওই বাড়ি ছিল নেতা-কর্মীদের সমাগমে ঠাসা; স্লোগানে স্লোগানে মুখর।

গতকাল বিকেলে কয়েক শ মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে আমির হোসেন আমুকে নিয়ে যাওয়া হয় বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ–মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানে দলের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য জাহাঙ্গীর কবির নানক বিশেষ অতিথি ছিলেন। দীর্ঘদিন পর বরিশালে দলীয় কোনো কর্মসূচিতে আমির হোসেনের প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার বিষয়টি নানা মহলে আলোচিত হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বরিশাল অঞ্চলের রাজনীতিতে আমির হোসন আমু একজন প্রভাবশালী নেতা। বরিশালের সাবেক মেয়র শওকত হোসেন হিরণের মৃত্যুর পর ক্রমেই বরিশালের রাজনীতিতে একক প্রভাববলয় তৈরি হতে থাকে আবুল হাসানাত আবদুল্লাহর। তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি পদে আছেন। তাঁর বড় ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ২০১৮ সালে সিটি করপোরেশনের মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর বরিশালের রাজনীতির প্রধান ব্যক্তি হয়ে ওঠেন আবুল হাসানাত। এতে আমির হোসেন রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েন। গত পাঁচ বছর এ জন্য তাঁকে বরিশালের কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়নি। তবে আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সাদিক আবদুল্লাহ দলীয় মনোনয়ন না পাওয়ার পর থেকে পাল্টাতে শুরু করেছে দৃশ্যপট।

রাজনৈতিক বিশ্লেষক ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরিশাল নগর কমিটির সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রথম আলোকে বলেন, আবুল হাসানাত আবদুল্লাহর ছোট ভাই আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত দলীয় মনোনয়ন পাওয়ায় বর্তমান মেয়র সাদিক আবুদল্লাহ ও তাঁর সমর্থকেরা হতাশ। এর মধ্য দিয়ে বরিশালে পাঁচ বছর ধরে সাদিক আবদুল্লাহর একক আধিপত্য খর্ব হয়েছে। এর প্রভাব পড়েছে তাঁর বাবার রাজনীতিতেও। বর্ষীয়ান নেতা আমির হোসেন আমুর দীর্ঘদিন পর বরিশালে রাজনৈতিক কর্মসূচিতে যোগদান এরই ইঙ্গিত বলে মনে হচ্ছে। তবে দক্ষিণাঞ্চলের সব বর্ষীয়ান নেতারই যথাযথ মূল্যায়ন, সম্মান ও মর্যাদা নিশ্চিত করা উচিত।

রফিকুল আলম আরও বলেন, আগে বরিশালের রাজনীতি হয়ে পড়েছিল এককেন্দ্রিক। এখন সে ধারা থেকে রাজনীতি বের হয়ে আসছে। এটা আপাতত ইতিবাচক বলেই মনে হচ্ছে।

তবে বরিশালে দলীয় কর্মসূচিতে আমির হোসেন আমুর প্রধান অতিথি হিসেবে যোগদানের বিষয়টি সহজ ও স্বাভাবিক ঘটনা বলেই মনে করেন আবুল হাসানাত আবদুল্লাহর ঘনিষ্ঠজন নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমানে জাতীয় কমিটির সদস্য গোলাম আব্বাস চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘বয়োজ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু আমাদের জাতীয় রাজনীতিতে অনন্য ভূমিকা পালনকারী নেতা। আর আবুল হাসানাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চলের রাজনীতির প্রাণপুরুষ। বরিশাল বিভাগের সব জেলা ও উপজেলায় সংগঠনে তাঁর পরশ আছে, তাঁর সমর্থক আছে। তিনি নেতা-কর্মী তৈরির কারিগর হিসেবে অবদান রেখেছেন। আমির হোসেন আমু শুক্রবার বরিশালে মেয়র প্রার্থীর কার্যালয় উদ্বোধন করেছেন—এটা স্বাভাবিক ঘটনা। এতে রাজনীতির কোনো মেরুকরণ আছে বলে আমরা মনে করি না। এটাকে রাজনীতির পালাবদল হিসেবে দেখার কোনো সুযোগ নেই।’