বিএনপির লোগো
বিএনপির লোগো

ব্রাহ্মণবাড়িয়া-২

রুমিনের পক্ষে থাকায় সরাইলে শেষ মুহূর্তে বিএনপির আরও ১০ নেতাকে বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সরাইল উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ১০ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর প্রথম আলোকে বলেন, তাঁরা দলীয় শৃঙ্খলা অনুযায়ী বিএনপি জোটের প্রার্থীর খেজুর গাছ প্রতীকের পক্ষে কাজ করছিলেন না। এমন সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে একই কারণে উপজেলা বিএনপি, শ্রমিক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন শাখার শতাধিক নেতাকে বহিষ্কার করা হয়। এ ছাড়া শাহাজাদাপুর ইউনিয়ন শাখা বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে ছিলেন রুমিন ফারহানা। তিনি একাদশ জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ৩০ ডিসেম্বর তিনি দল থেকে বহিষ্কৃত হন। তিনি এখন হাঁস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন।

এখানে বিএনপি জোটের প্রার্থী হয়েছেন জমিয়তে উলামায়ে ইমলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। তিনি খেজুর গাছ প্রতীকে নির্বাচন করছেন। এখানে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এর মধ্যে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা গত রোববার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তী ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন। এখানে ১৯টি ইউনিয়নে মোট ভোটারসংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮। ১৫১টি ভোটকেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।