
রাজধানী ঢাকার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ায় রেল যোগাযোগে নতুন একটি ট্রেন চালু হতে যাচ্ছে। পাশাপাশি ঢাকা-সিলেট রেলপথে চলাচলকারী ‘কালনী এক্সপ্রেস’ ট্রেন ও ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথের ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি দেবে। এ ছাড়া যাত্রীদের আসনসংকটের সমাধান হিসেবে বিদ্যমান ট্রেনগুলোতে আসন বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন ট্রেন চালু ও দুটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির বিষয়টি ইতিমধ্যে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিতে বলা হয়েছে। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া দীর্ঘকাল ধরে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেল যোগাযোগের সংযোগস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে রেল অত্যন্ত জনপ্রিয় মাধ্যম। কিন্তু বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে মাত্রাতিরিক্ত যাত্রীর ভিড় দেখা যাচ্ছে। টিকিটধারী যাত্রীরা নির্ধারিত বিরতিতে ট্রেনে উঠতে পারছেন না এবং ট্রেনে উঠতে গিয়ে দুঃসহ বিড়ম্বনার শিকার হচ্ছেন। ট্রেনের আসনসংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই যাত্রীরা দাঁড়িয়ে ও জীবনের ঝুঁকি নিয়ে রেলভ্রমণ করছেন। এতে এক দিকে রেলভ্রমণ ঝুঁকিপূর্ণ হচ্ছে, অন্য দিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। রেলভ্রমণে ব্রাহ্মণবাড়িয়াবাসীর দুর্দশা লাঘবে ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে নতুন একটি ট্রেন সার্ভিস চালুকরণ এবং বিজয় ও কালনী এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি ও বিদ্যমান ট্রেনের আসন বাড়ানো প্রয়োজন। বিভাগীয় কমিশনারের কাছ থেকে পাওয়া গোপনীয় প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত মার্চ মাসে প্রধানমন্ত্রীর সামনে প্রস্তাব উত্থাপন করে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই প্রস্তাব অনুমোদন দিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে নতুন ট্রেন সার্ভিস চালু, বিদ্যমান ট্রেনের যাত্রাবিরতি, আসন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিল জেলার বিভিন্ন নাগরিক মহল। এসব দাবির কথা উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত বছর রেলের মহাপরিচালককে এক চিঠির মাধ্যমে অনুরোধ করেন জেলা প্রশাসক মো. শাহ্গীর আলম।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশে প্রতিদিন সকাল ও দুপুরে তিতাস কমিউটার ছেড়ে যায়। এতে প্রতিদিন আসনের বিপরীতে দুই থেকে তিন গুণ যাত্রী যাতায়াত করেন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা অভিমুখী উপকূল, চট্টলা, জয়ন্তিকা, মহানগর এক্সপ্রেস, মহানগর গোধূলি, পারাবত ও তূর্ণা এক্সপ্রেস—সাতটি ট্রেনে আসন আছে ৯৪০টি। ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনে সকালে ২৫২টি ও দুপুরে ৩৮৪টি আসন আছে। কিন্তু ২০১৭ সালে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে বিভিন্ন স্থানে যাওয়ার জন্য ট্রেনের বরাদ্দ করা আসন থেকে ৪০০ আসন কমিয়ে দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. শাহ্গীর আলম প্রথম আলোকে বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় রেলযাত্রীর পরিমাণ অনেক বেশি। জেলার বিভিন্ন নাগরিক মহল ট্রেনের ভ্রমণের দুর্দশা লাঘবে তাঁর (জেলা প্রশাসক) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছেন। এসব বিষয় উল্লেখ করে পাঠানো প্রস্তাবটি প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন এবং অনুশাসন দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষে প্রধানমন্ত্রীর প্রতি তিনি কৃতজ্ঞ। আশা করছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত এটি বাস্তবায়ন করবে। এটি বাস্তবায়িত না হলে প্রধানমন্ত্রীর অনুমোদনের বিষয়টি উল্লেখ করে রেলপথ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কাছে তিনি আবার চিঠি লিখবেন বলে তিনি জানান।