কুমিল্লার দাউদকান্দি

৩২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

যানজটমুক্ত ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক। আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার দাউদকান্দিতে
ছবি: প্রথম আলো

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবশেষে ৩২ ঘণ্টা পর যানজটমুক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর মহাসড়কের দাউদকান্দি অংশে যান চলাচল স্বাভাবিক হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের বাৎসরিক মহা অষ্টমী স্নান উৎসবকে কেন্দ্র করে গত মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে যানজট শুরু হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার আমিরাবাদ থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত দাউদকান্দি অংশে ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দাউদকান্দি হাইওয়ে পুলিশের রাত-দিন চেষ্টার পর অবশেষে আজ সকাল ১০টা থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন নারী, শিশু, বয়স্ক ব্যক্তিসহ রোগীরা।

দাউদকান্দির আহমেদাবাদ থেকে মেঘনা–গোমতী সেতুর টোল প্লাজা পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়। বুধবার দুপুরে দাউদকান্দির গৌরীপুর এলাকায়

ঢাকা জজকোর্টের আইনজীবী মো. মহসীন শিকদারের বাড়ি দাউদকান্দি উপজেলার পেন্নাই গ্রামে। যানজটে ভোগান্তির বর্ণনা দিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ঢাকার আদালতে যাওয়ার জন্য গত বুধবার সকাল সাতটায় তিনি দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে রওনা দেন। বিকেল চারটায় তিনি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচরে পৌঁছান। পরে সেখান থেকে বাড়িতে ফিরে আসেন।

মো. মহসীন শিকদার বলেন, আজ সকাল সাড়ে ছয়টায় পুনরায় ঢাকায় যাওয়ার জন্য বাসে ওঠেন তিনি। দাউদকান্দির শহীদনগরে গিয়ে তীব্র যানজটে আটকা পড়েন। ধীরে ধীরে দুপুর ১২টায় আদালতে পৌঁছান। অথচ যানজট না হলে সকাল আটটায় আদালতে পৌঁছানোর কথা ছিল।