রাজশাহী বিশ্ববিদ্যালয়

শৃঙ্খলা ভঙ্গ করে বহিষ্কৃত তিন নেতাকে সম্মেলনের আগে দলে ফেরাল ছাত্রলীগ

ছাত্রলীগ নেতা মুশফিক তাহমিদ ওরফে তন্ময়
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ‘প্রক্সি-কাণ্ডে’ নাম আসা ছাত্রলীগের এক নেতাকে দল থেকে বহিষ্কারের তিন মাসের মাথায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার হওয়া আরও দুই নেতার বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ১২ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন রয়েছে। এ সম্মেলনের ৯ দিন আগে তিন নেতার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হলো।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে তানভীর আহমেদ নামের এক শিক্ষার্থীর পরিবর্তে পরীক্ষা দিতে গিয়ে বায়েজিত খান নামের এক শিক্ষার্থী আটক হন। প্রশাসনের জিজ্ঞাসাবাদের মুখে তিনি স্বীকার করেন ছাত্রলীগ নেতা মুশফিক তাহমিদ ওরফে তন্ময় তাঁকে এ কাজে নিয়োগ দিয়েছেন। মুশফিক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় ৪ আগস্ট তাঁকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর তিন মাসের মাথায় তাঁর বহিষ্কারাদেশ তুলে নেওয়া হলো।

বহিষ্কারাদেশ তুলে নেওয়া অন্য দুজন হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আবদুল হক, উপমুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. আবু হাশেম। ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের দুই শিক্ষার্থীর চোখ তুলে নেওয়ার হুমকি দেন এই দুই নেতা। ওই ঘটনার পর আবদুল হক ও আবু হাশেমকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

নিজ নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে তিন নেতার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ছাত্রলীগ।