বোমা হামলায় সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহতের ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

নিহত মনির চৌকিদার
ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনি উপজেলায় বোমা হামলায় সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির চৌকিদার নিহতের ঘটনায় ৩২ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে নিহত মনিরের ছোট ভাই সাব্বির হোসেন বাদী হয়ে এই মামলা করেন।

মামলায় চরদৌলতখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মিয়া শিকদারকে (৫৭) প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া ৩২ জনের নাম উল্লেখ করে আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

আজ বুধবার দুপুরে মামলার তথ্য প্রথম আলোকে জানিয়েছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। তিনি বলেন, এ ঘটনায় পুলিশ এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। মামলায় অভিযুক্ত অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গত সোমবার রাত পৌনে আটটার দিকে কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিয়ারহাট লঞ্চঘাট এলাকায় প্রতিপক্ষের হাতবোমা হামলায় নিহত হন মনির চৌকিদার (৩৫)। নিহত মনির একই এলাকার মৃত রশিদ চৌকিদারের ছেলে। তিনি চরদৌলতখান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর একটি মুদিদোকান ছিল।

মামলার এজাহার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চরদৌলতখান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চাঁন মিয়া শিকদারের সঙ্গে ওই ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও ইউপি নির্বাচনে জয়-পরাজয় নিয়ে দুই পক্ষের মধ্যে হত্যাকাণ্ড ও একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। মিলন মিয়ার সমর্থক মুদিদোকানি মনির চৌকিদার গত সোমবার ইফতারি শেষ করে এশার নামাজ পড়তে স্থানীয় একটি মসজিদে যান। রাত পৌনে আটটার দিকে নামাজ শেষ করে বাড়িতে ফেরার পথে মনিরকে গতিরোধ করেন চাঁন মিয়া শিকদারের সমর্থকেরা। মনিরকে মারধর করেন তাঁরা। একপর্যায়ে মনির দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে চাঁন মিয়ার সমর্থকেরা। এ সময় বোমার আঘাতে ঘটনাস্থলেই মনির চৌকিদার মারা যান। এ ঘটনার এক দিন পর গতকাল দুপুরে চরদৌলতখান এলাকায় অভিযান চালিয়ে সুমন শিকদার (২৯) নামের এক তরুণকে আটক করে পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার বাদী ও নিহত মনির চৌকিদারের ভাই সাব্বির চৌকিদার প্রথম আলোকে বলেন, ‘চেয়ারম্যান চাঁন মিয়া শিকদারের নেতৃত্বে আমার ভাইকে বোমা মেরে হত্যা করা হয়েছে। এখন আমাকে হত্যার পরিকল্পনা করছে তারা। নানাভাবে আমাদের হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। পুলিশ আমাদের মামলা নিলেও আসামিদের ধরছে না। দায়সারাভাবে মাত্র একজন আসামিকে তারা ধরেছে। চাঁন মিয়ার ফোন নম্বর খোলা আছে। তিনি ফোনে ফোনে সবাইকে ম্যানেজ করছেন। পুলিশের ইচ্ছা থাকলেই চাঁন মিয়াকে ধরতে পারে। আমরা নিশ্চিত, চাঁন মিয়াকে ধরা হলে এ ঘটনার মূল রহস্য উন্মোচন হবে।’

এ বিষয়ে আজ বেলা দুইটার দিকে চাঁন মিয়া শিকদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কোনো অপরাধ না করেও আমাকে প্রধান আসামি বানানো হয়েছে। আমি ঘটনার সময় এলাকায় ছিলাম না। কেউ আমার নাম বলতে পারবে না। ইউপি নির্বাচনে যারা আমার সঙ্গে হেরেছে, তারাই এখন রাজনৈতিক ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাতে এই মার্ডার করেছে। আমি নিশ্চিত করে বলতে পারি, আমার প্রতিপক্ষের লোকজন নিজেদের একজনকে হত্যা করে আমাদের ওপর দায় চাপাতে চাইছে। এ ঘটনার সঠিক তদন্তের দাবি করছি।’

ঘটনার পর এলাকায় না থাকার কারণ জিজ্ঞাসা করা হলে চাঁন মিয়া শিকদার বলেন, ‘এখন এলাকায় থাকা আমার জন্য নিরাপদ নয়। তাই আপাতত এলাকার বাইরে অবস্থান করছি। তবে গা ঢাকা দিইনি।’