
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ চলাকালে পুলিশের ছররা গুলিতে চোখে আঘাত পাওয়া আল-আমিনের অস্ত্রোপচারের খরচ দিয়েছে ‘সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন’। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি প্রথম আলোকে জানিয়েছেন আল-আমিন নিজেই।
এর আগে ১০ জুন প্রথম আলোতে ‘বসতভিটা বিক্রি করে হলেও ছেলের চোখের চিকিৎসা করাতে চান বাবা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটি দেখে ওই ফাউন্ডেশন আল-আমিনের চোখের অস্ত্রোপচার করার যাবতীয় খরচ দেয় বলে জানান তিনি। তিনি বলেন, ‘আমাকে নিয়ে প্রথম আলোতে প্রতিবেদন দেখে ওই ফাউন্ডেশনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। তারা আমার চোখের অস্ত্রোপচারের যাবতীয় খরচ বহন করবে বলেছিল। এ জন্য আমার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো মেইলে দেখাতে হয়েছে। যার ফলশ্রুতিতে গত ২০ জুন অস্ত্রোপচার বাবদ ১ লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করেছে তারা।’
আল-আমিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি সাতক্ষীরা সদর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুস সেলিমের ছেলে।
গত ১১ মার্চ সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে বাসচালকের বাগ্বিতণ্ডার জেরে স্থানীয় বিনোদপুর বাজারে সংঘর্ষ বাধে। পরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। হামলা ও সংঘর্ষে আহত হন দুই শতাধিক শিক্ষার্থী। আহত শিক্ষার্থীদের মধ্যে তিনজনকে ভিট্রিয়ল রেটিনাল ইনজুরির কারণে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় ঢাকায় পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ভারতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। ইতিমধ্যে ভারতের চেন্নাইয়ে গিয়ে চিকিৎসা নিয়েছেন দুই শিক্ষার্থী। তবে চিকিৎসার পরও চোখে দেখতে পারছেন না মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আলিমুল ইসলাম। ঝাপসা দেখছেন ফারসি বিভাগের শিক্ষার্থী মিসবাহুল ইসলাম। আরেক শিক্ষার্থী আল-আমিন অর্থাভাবে চিকিৎসা নিতে ভারতের চেন্নাইয়ে যেতে পারছিলেন না। পরে তাঁর বিভাগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বন্ধুদের সহায়তায় ১ লাখ ১৫ হাজার টাকা নিয়ে গত ২৫ মে ভারতে চিকিৎসা নিতে যান। তবে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় চিকিৎসা ছাড়াই বাড়িতে ফিরে আসেন আল-আমিন ও তাঁর বাবা।
সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আল-আমিন বলেন, ‘পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি আমার বাবা। আমার চিকিৎসা নিয়ে পরিবারের সবাই চিন্তিত ছিল। যেসব মাধ্যমের ফলে আমার এত বড় উপকার হলো তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।’ তিনি বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব ভারতে যেতে হবে। কিন্তু আমার বাবা বেশ কয়েক দিন ধরে অসুস্থ। সার্জারি করার পর ১০ থেকে ১৫ দিন ভারতেই থাকতে হবে। যার ফলে চাইলেও যেতে পারছি না। তবে সবকিছু ঠিক থাকলে ঈদুল আজহার দুই-তিন দিন পরে যেতে পারি।’
আবেগাপ্লুত হয়ে আল-আমিন বলেন, ‘এই খবরটি আমি ও আমার পরিবারের জন্য মৃত গাছে প্রাণ ফিরে পাওয়ার মতো। ভালো লাগাটা প্রকাশ করতে পারছি না। এখন আর আমার বাবার বসতভিটা বিক্রি করতে হবে না। পরিবারের সবাই খুশি।’