
মানিকগঞ্জের সাটুরিয়া থানায় গত ২৯ নভেম্বর দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় বিএনপি নেতা আবদুল কুদ্দুস খানকে আসামি করা হয়েছে। যদিও ঘটনার দুই দিন আগে থেকে তিনি হাসপাতালে ভর্তি। এই মামলার সাক্ষী আওয়ামী লীগ নেতা মো. মুরছালিন। ঘটনার সময় তিনি ছিলেন থানায়।
২৬ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত মানিকগঞ্জের সাতটি থানায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে নয়টি মামলা হয়েছে। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলাগুলোর এজাহার বিশ্লেষণ ও সরেজমিন অনুসন্ধান করে এমন নানা অসংগতি পাওয়া গেছে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা ছয়টি, পুলিশ একটি এবং একজন সিএনজিচালিত অটোরিকশাচালক একটি মামলার বাদী। প্রতিটি মামলায় ‘ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির’ অভিযোগ আনা হয়েছে। মানিকগঞ্জ সদর ও সিঙ্গাইর থানায় দুটি করে বাকি পাঁচটি থানায় একটি করে মামলা হয়। এসব মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের মোট ১৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।
—প্রতিটি মামলায় ‘ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির’ অভিযোগ আনা হয়েছে। মানিকগঞ্জ সদর ও সিঙ্গাইর থানায় দুটি করে, বাকি পাঁচটি থানায় একটি করে মামলা হয়।—এসব মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের মোট ১৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।—বিএনপি বলছে, রাজনৈতিকভাবে নয়, পুলিশ প্রশাসন ব্যবহার করে অগণতান্ত্রিকভাবে এই সরকার বিএনপিকে দাবিয়ে রাখতে এমন মামলা করছে।
মামলাগুলো মিথ্যা ও কাল্পনিক বলে দাবি করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহ। তিনি প্রথম আলোকে বলেন, দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। রাজনৈতিকভাবে নয়, পুলিশ প্রশাসন ব্যবহার করে অগণতান্ত্রিকভাবে এই সরকার বিএনপিকে দাবিয়ে রাখতে চায়।
মামলাগুলো সম্পর্কে জানতে চাইলে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান প্রথম আলোকে বলেন, নাশকতা সৃষ্টির কারণেই আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামি হাসপাতালে ভর্তি থাকলে তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মামলায় আরও কোনো অসংগতি থাকলে তা তদন্ত করে দেখা হবে।
সাটুরিয়া থানায় দায়ের হওয়া মামলাটির আসামি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক। এজাহারে বলা হয়েছে, গত ২৯ নভেম্বর রাত ৯টা ৫০ মিনিটে সঙ্গীসহ যাওয়ার সময় উপজেলা বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস খান মজলিশসহ (৬৫) অর্ধশতাধিক নেতা-কর্মীকে গোলড়া-সাটুরিয়া সড়কে পুলিশের তল্লাশিচৌকির সামনে সরকারবিরোধী স্লোগান দিতে দেখেন। তাঁদের দেখে নেতা-কর্মীরা ধাওয়া করেন। পরে তাঁরা নিরাপদ স্থানে গিয়ে পুলিশে খবর দেন। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে বিএনপি নেতা-কর্মীরা পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জনমনে ভীতি সৃষ্টি করেন।
আবদুল কুদ্দুস খান গত ২৭ নভেম্বর থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। যক্ষ্মায় আক্রান্ত হয়ে তাঁর ফুসফুসে পানি জমেছে বলে জানান পরিবারের সদস্যরা।
৫ ডিসেম্বর কুদ্দুস খানের ভাতিজা মজিদ উদ্দিন বলেন, হাসপাতালে ভর্তির পর রাত সাড়ে আটটার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে পাইপ দিয়ে কুদ্দুস খানের ফুসফুস থেকে পানি বের করা হয়। ৪ ডিসেম্বর তাঁর সেলাই কাটা হয়েছে।
এ মামলার ২ নম্বর আসামি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার বলেন, এসব মামলা গায়েবি ও কাল্পনিক বলেই হাসপাতালে ভর্তি রোগীদেরও আসামি করা হচ্ছে।
৫ ডিসেম্বর বিকেলে মামলার বাদী আবদুল খালেকের মুঠোফোনে ফোন করলে তিনি বলেন, ‘আমি জরুরি মিটিংয়ে আছি। আপনার সঙ্গে পরে কথা বলব।’ এরপর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
সাটুরিয়া থানায় মামলাটির ঘটনাস্থল কামতায় পুলিশের তল্লাশিচৌকির সামনের সড়ক। তল্লাশিচৌকির দক্ষিণ-পশ্চিম পাশে ১৫০ থেকে ২০০ গজের মধ্যে জনবসতিপূর্ণ এলাকা। ৫ ডিসেম্বর ওই গ্রামের আবদুল করিম, জনি মিয়াসহ পাঁচ বাসিন্দা জানান, ওই দিন সেখানে ককটেল বিস্ফোরণের কোনো শব্দ পাননি, কাউকে দেখেনওনি।
সদর থানায় প্রথম মামলা করা হয় গত ২৯ নভেম্বর এবং দ্বিতীয়টি ১ ডিসেম্বর। দ্বিতীয় মামলার বাদী সদর থানার এসআই মো. বাবুল মিয়া এজাহারে উল্লেখ করেন, ৩০ নভেম্বর রাত নয়টার দিকে মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় ফরহাদ আলীর রড-সিমেন্টের দোকানের পাশে ফাঁকা জায়গায় বিএনপির নেতা-কর্মীরা সরকারবিরোধী স্লোগান দিলে পুলিশ দুজনকে আটক করে। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তাঁরা পালিয়ে যান।
গত সোমবার ফরহাদের দোকানে গেলে তিনি বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা এখানে মিছিল করবেন কেন। মিছিল করলে শহরে করবেন।’ পাশের দোকানি আবদুল মান্নান বলেন, রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে দোকানের আশপাশে দুটি পটকা ফোটানোর শব্দের মতো শোনা গেছে। তবে কাউকে মিছিল বা পটকা ফোটাতে দেখেননি। শব্দের প্রায় ২০ মিনিট পর ডিবি পুলিশের কয়েকজন সদস্য এসে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন।
২৯ নভেম্বর দায়ের করা সদর থানার প্রথম মামলার এজাহারে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সেওতাগামী পাকা রাস্তার পাশে ককটেল বিস্ফোরণ ঘটাতেও কাউকে দেখেননি স্থানীয় লোকজন। ঘটনাস্থলের পাশে ভাঙারির দোকানের নাম প্রকাশ না করার শর্তে এক কর্মচারী বলেন, তিনি ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে সেখানে কোনো লোকজনের মিছিল বা জমায়েত দেখেননি।
সদর থানায় দায়ের করা দ্বিতীয় মামলায় স্থানীয় বাসিন্দা বিল্টু মিয়াকে (৫০) ২ নম্বর ও আবদুল মান্নানকে (৪২) ৩ নম্বর সাক্ষী করা হয়েছে। বিল্টু মিয়া প্রথম আলোকে বলেন, ‘মান্নানের চায়ের দোকানে কলার খোসা আনতে গেলে পুলিশ আমার নাম ও ঠিকানা লেখে। কিন্তু কাউকে মিছিল, ককটেল ফোটাতে দেখিনি।’ একই কথা বলেন সাক্ষী আবদুল মান্নানও।
সাটুরিয়া থানায় হওয়া মামলায় ২ নম্বর সাক্ষী তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুরছালিন প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সময় আমি থানায় ছিলাম। বিষয়টি আমি শুনেছি।’ সাক্ষী হলেন কীভাবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মিটিংয়ে আছি, পরে এ বিষয়ে জানাব।’
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান বলেন, জনগণ বিএনপির আন্দোলন-সংগ্রামে একাত্মতা প্রকাশ করেছে। অগণতান্ত্রিক সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিএনপিকে ভয় পায়। এ কারণে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করছে।