অবাঞ্ছিত ঘোষণার ৪৮ ঘণ্টা না গড়াতেই রেজাউলের সঙ্গে আ.লীগের সমঝোতা

বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিমের সঙ্গে শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেনের বৈঠকের পর তাঁরা কোলাকুলি করেন। আজ শনিবার দুপুরে
ছবি: সংগৃহীত

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলুকে গত বৃহস্পতিবার বিকেলে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ওই ঘোষণার আগে সংসদ সদস্য রেজাউল করিমের কুশপুত্তলিকাও দাহ করেন তাঁরা। তবে এর ৪৮ ঘণ্টা গড়াতে না গড়াতেই সংসদ সদস্যের সঙ্গে সমঝোতা হয়েছে শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেনের।

আজ শনিবার দুপুরে রেজাউল করিমের সঙ্গে সোহরাব হোসেনের বৈঠক হয়। বৈঠকে দুজনের মধ্যে বিরোধ মিটমাট হয়েছে। এরপর রেজাউল করিম সোহরাব হোসেনের মুখে বিস্কুট তুলে দিয়ে ছবি তোলেন। কোলাকুলি ও মুখে বিস্কুট তুলে দেওয়ার হাস্যোজ্জ্বল সেই ছবি তাৎক্ষণিক ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সমঝোতা বৈঠক শেষে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে কোলাকুলির ছবি ফেসবুকে দেওয়া হয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।

বৈঠকে উপস্থিত ব্যক্তিদের সূত্রে জানা যায়, একটি বেসরকারি টেলিভিশনের বগুড়ার একজন জ্যেষ্ঠ সাংবাদিক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের উপস্থিতিতে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের সমঝোতা বৈঠক বসে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝিড়া এলাকায় সংসদ সদস্যদের বাড়িতে এই সমঝোতা বৈঠক শেষে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে কোলাকুলির ছবি ফেসবুকে দেওয়া হয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।

শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেনের মুখে বিস্কুট তুলে দিচ্ছেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম। আজ শনিবার দুপুরে

বৈঠকের সত্যতা নিশ্চিত করে সোহরাব হোসেন বলেন, ‘বিরোধ নিরসনে সংসদ সদস্য নিজেই সমঝোতার জন্য লোক পাঠান। একজন সংসদ সদস্যকে অবাঞ্ছিত ঘোষণা করায় সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে। এসব কারণে তাঁর সঙ্গে সবকিছু মিটমাট করার সিদ্ধান্ত নিই। বগুড়ার একজন বড় ভাই (সাংবাদিক) এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সমঝোতা বৈঠকে হয়। সংসদ সদস্য এবং আমাদের মধ্যে যা ঘটেছে, এ নিয়ে আর কেউ তিক্ততা বাড়াব না। যা ঘটেছে, এখন থেকেই শেষ। এরপর তিনি (সংসদ সদস্য) আমাকে বিস্কুট খাওয়ান। দুজনে কোলাকুলিও করি।’
দলীয়ভাবে অবাঞ্ছিত ঘোষণার পর একা সমঝোতা বৈঠকে বসার কারণ জানতে চাইলে সোহরাব হোসেন বলেন, ‘দলের নেতাদের সঙ্গে কথা বলেছি। তারাও সমঝোতার পক্ষে। তাদের মতামত নিয়েই সমঝোতা হয়েছে।’

এর আগে সোহরাব হোসেনকে বন্দুক তাক করে হত্যার হুমকি এবং যুবলীগ নেতাদের ওপর হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ বৃহস্পতিবার মাঝিড়া বাসস্ট্যান্ড চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ শেষে সংসদ সদস্য রেজাউল করিমকে অবাঞ্ছিত ঘোষণা ছাড়াও তাঁর বন্দুকের লাইসেন্স বাতিল এবং অবৈধভাবে অর্জিত সব সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়। সমাবেশে শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম মন্তব্য করেছিলেন, রেজাউল করিম একজন প্রতারক। বন্দুক হাতে তোলা ছবি ফেসবুকে দেওয়ার পর এখন সেই অস্ত্র দিয়ে আওয়ামী লীগ-যুবলীগ নেতাদের হত্যাচেষ্টায় নেমেছেন।