বাসশ্রমিকদের মারধরের ঘটনার জেরে ডাকা ‘ধর্মঘটের’ কারণে কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুরে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। আজ শুক্রবার সকাল থেকে কুষ্টিয়া-ফরিদপুর ও কুষ্টিয়া-খুলনা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।
কুষ্টিয়া শহরের মজমপুর বাস ডিপো থেকে প্রতিদিন সকাল ৫টা ১০ মিনিটের পর খুলনা রুটে বাস চলাচল শুরু হয়। আজ সকাল সাড়ে ১০টায় ডিপোতে গিয়ে দেখা যায়, খুলনা রুটের সব বাস দাঁড়িয়ে আছে। কয়েকটি বাসের চালক, চালকের সহকারীসহ শ্রমিকেরা বসে আছেন।
টিকিট কাউন্টারের মাস্টার রাহিনুল ইসলাম বলেন, বৈঠক করে সিদ্ধান্ত হয়েছে, দুই রুটে কোনো বাস চলবে না। এ জন্য সকাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। যাত্রীরা এসে ফিরে যাচ্ছেন বা অন্য কোনো উপায়ে গন্তব্যে যাচ্ছেন।
বাস ডিপোর সামনে ঘোরাঘুরি করছিলেন পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকার বাসিন্দা আবদুল হক। তিনি বলেন, সকালে বাসে করে তিনি ঈশ্বরদী থেকে কুষ্টিয়া শহরের ত্রিমোহনী এলাকায় আসেন। এরপর মজমপুর এলাকায় এসে জানতে পারেন, ঝিনাইদহ হয়ে খুলনা রুটের কোনো বাস চলছে না। তিনি ঝিনাইদহে এক চিকিৎসকের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। কীভাবে যাবেন, কিছুই বুঝছেন না।
আরেক নারী যাত্রীকেও চালক-শ্রমিকদের সঙ্গে কথা বলতে দেখা গেল। তিনিও বাস বন্ধের বিষয়টি জানতেন না বলে জানান।
বাসচালক শহিদুল ইসলাম বলেন, তাঁদের শ্রমিকদের মারধর করা হয়েছে। ঝিনাইদহ শ্রমিকেরা রুটে তাঁদের বাস নামাতে চান। এসব কিছু মানা হবে না। আর শ্রমিকদের যাঁরা মেরেছেন, তাঁদের আটক করতে হবে, তা না হলে ধর্মঘট চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। মালিকপক্ষ তাঁদের সঙ্গে আছে।
মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝিনাইদহ মোটরশ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাচ্ছেন। এটা নিয়েই মনোমালিন্য সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে মালিকেরা ঝিনাইদহের কালীগঞ্জে বৈঠক করেন। এ সময় সেখানে বাসের স্টাফদের মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অবস্থায় বাসশ্রমিক, মালিক গ্রুপ উভয় মিলে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়। পরিবহনসংশ্লিষ্ট পাঁচটি সংগঠনের শীর্ষ নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের কার্যালয়ে বৈঠক করে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন।
পরিবহনমালিক ও শ্রমিকদের এমন সিদ্ধান্তের কারণে খুলনা থেকে কুষ্টিয়ায় কোনো বাস আসছে না। কুষ্টিয়া থেকেও বাস খুলনায় যাচ্ছে না। একই সঙ্গে ফরিদপুর রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে।
কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মো. আখতারুজ্জামান বলেন, বাসের স্টাফদের মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের আগামী রোববারের মধ্যে পুলিশ গ্রেপ্তার না করলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।