আগুনে ক্ষতিগ্রস্ত কাভার্ড ভ্যান। আজ সকালে মিরসরাইয়ের বারিয়ারহাট পৌর বাজারের দক্ষিণ ইউটার্নে
আগুনে ক্ষতিগ্রস্ত কাভার্ড ভ্যান। আজ সকালে মিরসরাইয়ের বারিয়ারহাট পৌর বাজারের দক্ষিণ ইউটার্নে

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানে আগুন, পণ্য পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি চলন্ত কাভার্ড ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রোববার ভোরে উপজেলার বারিয়ারহাট পৌর বাজারের দক্ষিণ ইউটার্নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কেউ হতাহত হননি। তবে কাভার্ড ভ্যানে থাকা মালামালের প্রায় অর্ধেকই পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণের কাজের সময় মহাসড়কের দুই পাশে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, মশা মারার বৈদ্যুতিক ব্যাট বোঝাই করে কাভার্ড ভ্যানটি চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল। সকাল ছয়টার দিকে বারিয়ারহাট পৌর বাজার এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে থাকা চলন্ত কাভার্ড ভ্যানটিতে হঠাৎ আগুন ধরে যায়। তখন গাড়িটির চালক দ্রুত গাড়ি থেকে নেমে যান। এরপর ঘটনাস্থলের ২০০ মিটার দূরে থাকা ফায়ার সার্ভিস স্টেশনে গিয়ে বিষয়টি জানান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কাভার্ড ভ্যানের ইঞ্জিনসহ সামনের অংশ এবং ভেতরে থাকা পণ্যের অর্ধেক পুড়ে গেছে।

দুর্ঘটনাকবলিত গাড়িটির চালক মো. শামসুল হক প্রথম আলোকে বলেন, কাভার্ড ভ্যানটিতে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা সাত হাজার পিস মশা মারা বৈদ্যুতিক ব্যাট ছিল। এসব ব্যাট নিয়ে নারায়ণগঞ্জে যাওয়ার সময় গাড়ির গ্যাসের নজলে আগুন ধরে যায়। পরে তা গাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে সব মিলিয়ে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানতে চাইলে বারিয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ঘটনাটি তদন্ত করে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে। জোরারগঞ্জ হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মাইকেল দাস বলেন, মহাসড়কের ওপর পানির পাইপ রেখে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভানোর কাজ করেছেন। এ সময় মহাসড়কের দুই অংশে যানবাহন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে পড়ে। তবে কিছু সময় পর আবার যান চলাচল স্বাভাবিক হয়েছে।